ভৈরবে ট্রেন লাইনচ্যুত, দুই পথে ট্রেন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেন
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে আজ শনিবার দুপুরে একটি মেইল ট্রেনের চাকা লাইনচ্যুত হয়েছে। এ কারণে বেলা ১টা ৩০ মিনিট থেকে ঢাকা-কিশোরগঞ্জ ও চট্টগ্রাম-ময়মনসিংহ রেলপথে সরাসরি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রেলওয়ে সূত্র জানায়, শনিবার সকাল ৭টা ৩০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ‘নাসিরাবাদ’ নামের একটি মেইল ট্রেন ময়মনসিংহ থেকে ছেড়ে আসে। বেলা একটার দিকে ভৈরবের আগের স্টেশন কুলিয়ারচরে যাত্রাবিরতি দেয়। কিছুক্ষণ পর ট্রেনটি কুলিয়ারচর স্টেশন ছেড়ে যায়। বেলা ১টা ৩০ মিনিটে ভৈরব স্টেশনের আউটার পয়েন্টে প্রবেশ করে।

এ সময় ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। গত ১৩ আগস্ট একই স্থানে নাসিরাবাদ ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছিল। ১ মাস ১৯ দিনের ব্যবধানে একই স্থানে একই ট্রেন কী কারণে ফের দুর্ঘটনায় পড়ল, তা স্পষ্ট নয়।

দুর্ঘটনার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে আটকা পড়েছে। আরও কয়েকটি স্টেশনে লোকাল ও মেইল ট্রেন থামিয়ে রাখা হয়েছে। এ কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ভৈরবের রেলওয়ে স্টেশন মাস্টার মো. নুরুন্নবী বলেন, এখনো উদ্ধারকাজ শুরু হয়নি। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে।