ভৈরবে নদীর সীমানা নির্ধারণ নিয়ে স্থানীয়দের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরবে ব্যক্তি মালিকানাধীন ভূমির উপর নদীর সীমানা নির্ধারণী খুটি বসানোর অভিযোগ এনে বিক্ষোভ। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের বঙ্গবন্ধু সরণি সড়কে
প্রথম আলো

কিশোরগঞ্জের ভৈরবে ব্যক্তিমালিকানাধীন জমিতে নদীর সীমানা নির্ধারণী খুঁটি বসানোর অভিযোগ এনে বিক্ষোভ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের বঙ্গবন্ধু সরণি সড়কে এই বিক্ষোভ হয়। এতে ক্ষতিগ্রস্ত ভূমিমালিক ও ব্যবসায়ীরা অংশ নেন।

বিক্ষুব্ধরা জানান, ভৈরব ব্রিটিশ আমল থেকে নদীবন্দর। মেঘনা নদী ঘিরে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটেছে। হঠাৎ বিআইডব্লিউটিএর পক্ষ থেকে বন্দর এলাকায় নদীর সীমানা নির্ধারণী খুঁটি বসানো হচ্ছে। সীমানা নির্ধারণ করতে গিয়ে কর্তৃপক্ষ নিয়মকানুন আমলে নিচ্ছে না। তারা কাউকে কিছু না জানিয়ে বিশেষ করে স্বত্ব প্রমাণের সুযোগ না রেখে খুঁটি বসিয়ে চলেছেন। এতে ভূমিমালিকেরা ভূমির স্বত্ব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছেন। প্রতিকার চেয়েও সুফল আসছে না। এ অবস্থায় বাধ্য হয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আন্দোলনে নামেন।

বিক্ষোভ শেষে ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ চত্বরে সভা করের তাঁরা। সভায় পৌর মেয়র ইফতেখার হোসেন যোগ দিয়ে এ দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন।

সভা থেকে দাবি তোলা হয়, জমির মালিকানা প্রমাণের সুযোগ না দিয়ে আর যেন খুঁটি বসানো না হয়। এমনটা করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।

বক্তারা অভিযোগ করেন, নকশা করা হচ্ছে ইচ্ছেমতো। কারও কোনো অভিযোগ আমলে নেওয়া হচ্ছে না। কাগজপত্রও আমলে নিচ্ছে না।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সহসভাপতি মোশারফ হোসেন। তিনি বলেন, ‘নদীর সীমানা নির্ধারণ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আপত্তি হলো কাজটির ভুল প্রক্রিয়া নিয়ে। খেয়াল করছি নকশা করা হচ্ছে ইচ্ছেমতো। কারও কোনো অভিযোগ আমলে নেওয়া হচ্ছে না। কাগজপত্রও আমলে নিচ্ছে না। এতে অনেক মানুষ ভূমি হারিয়েছেন এবং হারানোর অপেক্ষায় আছেন।’

অভিযোগ বিষয়ে কথা হয় বিআইডব্লিউটিএ ভৈরব নদীবন্দর শাখার বন্দর কর্মকর্তা মো. শহীদুল্লাহর সঙ্গে। এ বিষয়ে তিনি বলেন, ‘নদীর সীমানা নির্ধারণী কাজ শুরু হয়েছে হাইকোর্টের নির্দেশে। কাজটি করা হচ্ছে ঢাকা কার্যালয়ের মাধ্যমে। সে কারণে স্থানীয় অভিযোগের প্রতিকার আমার করার সুযোগ নেই।’

সীমানা নির্ধারণী কাজে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ ঢাকা কার্যালয়ের যুগ্ম পরিচালক আলমগীর কবির। এ কারণে এ বিষয়ে কথা বলার জন্য তাঁর মুঠোফোনে কল করা হলেও তিনি ধরেননি।