ভৈরবে নৈশপ্রহরী হত্যার তিন দিনেও প্রধান আসামি গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে দুই পক্ষের সংঘর্ষ দেখতে গিয়ে নিহত মসজিদের নৈশপ্রহরী কামাল মিয়া (৫৫) হত্যা মামলার প্রধান আসামি উমান মিয়াকে (২৮) তিন দিনেও গ্রেপ্তার করা যায়নি। এ ঘটনায় করা দুটি মামলার প্রধান আসামি উমান মিয়া।

এ ঘটনায় পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। নয়জনের মধ্যে পুলিশের হাতে পাঁচজন আর র‌্যাবের হাতে চারজন গ্রেপ্তার হয়েছেন। পুলিশ প্রত্যেককে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছে। এখনো আবেদনের শুনানি হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, উমান পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম অহিদ মিয়া। চার বছর আগ থেকে ভৈরবে উমান বাহিনীর উত্থান ঘটে। মাদক ব্যবসাসহ নানা অপরাধ কর্মকাণ্ডে এই বাহিনী জড়িত বলে অভিযোগ আছে। উমানের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকসহ নানা অপরাধের অভিযোগে একাধিক মামলা আছে।

গত মঙ্গলবার রাত তিনটার দিকে আধিপত্য বিস্তার করা নিয়ে ঘোড়াকান্দা এলাকায় উমান বাহিনীর সঙ্গে ঘোড়াকান্দা এলাকার তপু মিয়া ও ছাত্তার মিয়ার লোকজনের সংঘর্ষ হয়। সংঘর্ষের কথা জেনে কামাল মিয়া এগিয়ে গেলে উমান বাহিনীর লোকজন তাঁকে কুপিয়ে আহত করে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় করা দুটি মামলার একটি হত্যা মামলা, অপরটি অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলা।

হত্যা মামলার বাদী হয়েছেন নিহত কামাল মিয়ার ভাই জামাল মিয়া। অস্ত্র আইনে মামলাটি করেছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম।

এসআই মাজহারুল ইসলাম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌর শহর ভৈরবপুর উত্তরপাড়ার মুক্তাদির মিয়া, ফরহাদ মিয়া, সাজন মিয়া, নিবিড় মিয়া, সিজান মিয়া, সজল মিয়া, অজয় মিয়া; পঞ্চবটি এলাকার আহসান উল্লাহ ও লক্ষ্মীপুর এলাকার আরিফ মিয়া। এর মধ্যে আরিফ ছাড়া অন্যরা এজাহারভুক্ত আসামি। নয়জনের মধ্যে ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা আছে।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, উমান চিহ্নিত অপরাধী। আধিপত্য বিস্তার নিয়ে ওই দিন হামলাটি হয়েছে উমানের নেতৃত্বে।