ভৈরবে নৈশপ্রহরী হত্যার প্রধান আসামি উমান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে নৈশপ্রহরী কামাল মিয়া (৫৫) হত্যার প্রধান আসামি উমান মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব। উমান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একটি অপরাধী চক্রের প্রধান হিসেবে পরিচিত বলে জানিয়েছে র‌্যাব।

আজ রোববার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা থেকে উমানকে গ্রেপ্তার করেন র‌্যাব সদস্যরা। র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফীউদ্দিন মোহাম্মদ যোবায়ের বলেন, উমানকে ভৈরব থানা-পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। তিনি ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে থেকে ভৈরবে উমান বাহিনীর উত্থান ঘটে। মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক ঘটনা ঘটিয়ে চলা এই বাহিনীর কাজ। ২ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে আধিপত্য বিস্তার করা নিয়ে উমান বাহিনীর সঙ্গে ঘোড়াকান্দা এলাকার তপু মিয়া ও ছাত্তার মিয়ার লোকজনের সংঘর্ষ হয়।

নিহত কামাল মিয়া ঘোড়াকান্দা এলাকার একটি নির্মাণাধীন মসজিদের নৈশপ্রহরী ছিলেন। সংঘর্ষের কথা শুনে এগিয়ে গেলে উমান বাহিনীর লোকজন তাঁকে কুপিয়ে আহত করেন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন দুপুরে কামালের মৃত্যু হয়।

কামাল হত্যার পর হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে। হত্যা মামলার বাদী নিহত কামাল মিয়ার ভাই জামাল মিয়া। দুটি মামলার প্রধান আসামি উমান। ২ মামলায় ৯ জন গ্রেপ্তার হলেও এত দিন প্রধান আসামি উমান ধরাছোঁয়ার বাইরে ছিলেন।