ভৈরবে প্রবাল হত্যা মামলায় প্রধান আসামি অন্তরের আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত মহিউদ্দিন প্রবাল
সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে ইউপি চেয়ারম্যানের ছেলে মহিউদ্দিন প্রবাল হত্যাকাণ্ডের ১০ দিন পর মামলাটির প্রধান আসামি অন্তর মিয়া (২৪) আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ আদালতে হাজির হয়ে তিনি আত্মসমর্পণ করেন।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা ভৈরব থানার পরিদর্শক (অপারেশন) তারিকুল আলম মুঠোফোনে প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অন্তরকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরের একাধিক দল শুরু থেকে মাঠে সক্রিয় ছিল। আমরা তাঁকে গ্রেপ্তারের দ্বারপ্রান্তে ছিলাম। পালিয়ে থাকার আর সুযোগ নেই ভেবে হয়তো অন্তর আদালতে গিয়ে নিজেই ধরা দিলেন।’

অন্তর মিয়া পৌর শহরের কমলপুর এলাকার জিল্লুর রহমানের ছেলে। তাঁর বিরুদ্ধে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের ভৈরব বাজার এলাকা থেকে অন্তরের বাবা জিল্লুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। জিল্লুর মামলার ২ নম্বর আসামি। এ নিয়ে হত্যা মামলায় মোট পাঁচজন গ্রেপ্তার হলেন। পাঁচজনের মধ্যে তিনজন র‍্যাবের হাতে, একজন পুলিশের কাছে এবং অন্তর আদালতে আত্মসমর্পণ করলেন।

নিহত প্রবাল নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন ভূঁইয়ার ছেলে। ভৈরবে হোসেন ভূঁইয়ার মালিকানাধীন মাতৃকা জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতাল রয়েছে। তিনি পরিবার নিয়ে হাসপাতালের দ্বিতীয় তলায় থাকেন। ১ জুন বাসস্ট্যান্ড এলাকায় জিল্লুর রহমানের মালিকানাধীন শাকিল মোটরস নামের একটি দোকানঘর থেকে প্রবালের লাশ উদ্ধার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা।

এই ঘটনায় ৩ জুন অন্তরকে প্রধান অভিযুক্ত করে ছয়জনের বিরুদ্ধে মামলা হয়। এর আগে গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে এক কিশোর আদালতে জবানবন্দি দিয়েছে। জবানবন্দি দেওয়া কিশোর এজাহারভুক্ত আসামি ছিল না। পুলিশ পরে তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখায়। প্রথমে গ্রেপ্তার হওয়া পৌর শহরের কমলপুর এলাকার আক্তার হোসেনের ছেলে রাজন মিয়া (২৬) এবং একই এলাকার ফুল মিয়ার ছেলে মো. তৌহিদের (২৫) বিরুদ্ধে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এজাহারে উল্লেখ করা অন্তরের দুই ভাই নয়ন মিয়া ও অনীক মিয়া বর্তমানে পলাতক। হত্যার পর পরিবারের পক্ষ থেকে প্রবালের বয়স ১৭ বছর বলা হলেও এজাহারে ২০ বছর উল্লেখ করা হয়েছে।

মামলার প্রধান অভিযুক্তের আদালতে আত্মসমর্পণের খবর জেনে স্বস্তি প্রকাশ করেন বাদী হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ‘আমার ছেলের প্রত্যক্ষ খুনি অন্তর। এখন সুষ্ঠু বিচার পেলে কষ্টের মধ্যে আত্মা শান্তি পাবে।’