ভৈরবে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী তরুণের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহরচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া তরুণের নাম নাছিম মিয়া (২৫)। তিনি জুতার কাঁচামাল ব্যবসায়ী। নাছিম উপজেলার শিবপুর ইউনিয়নের টানকৃষ্ণনগর গ্রামের শামসু মিয়ার ছেলে। তাঁর বাবা শামসু মিয়া ও বড় ভাই শাহিন মিয়া হজ করতে বর্তমানে সৌদি আরবে আছেন।

ভৈরব হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাছিমের ব্যবসাপ্রতিষ্ঠান ভৈরব বাসস্ট্যান্ড এলাকায়। আজ সন্ধ্যা ছয়টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে করে তিনি বাড়ি ফিরছিলেন। পানাউল্লাহরচর এলাকা অতিক্রম করার সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নাছিম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় নাছিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন।