ভৈরবে মাস্কের ব্যবহার বেড়েছে, মানুষের সচেতনতা বাড়েনি
শনিবার বেলা ১১টা ২০ মিনিট। ঢাকা-সিলেট মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরব বাসস্ট্যান্ড চত্বর। চার আরোহী নিয়ে একটি ব্যাটারিচালিত রিকশা বাসস্ট্যান্ড এলাকায় থামে। চালক ও যাত্রী কেউ মাস্কবিহীন ছিলেন না।
এক রিকশায় চার আরোহী ওঠানোয় করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে কি না, এমন প্রশ্নে চালক খাদেমুজ্জামানের উত্তর, ‘করোনা ধরব না, মুখে মাস্ক আছে।’ আরোহীদের কাছ থেকেও পাওয়া গেল অনেকটা একই উত্তর। তাঁরাও মনে করেন, গাদাগাদি করে বসে চলাফেরা সমস্যা নয়। মুখে মাস্ক থাকলেই করোনা ছুঁতে পারবে না। লোকজনের কাছ থেকে তাঁরা এমনটাই শুনেছেন।
আজ সকাল ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত ভৈরব পৌর শহরের বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন সড়ক, বাজার ও বঙ্গবন্ধু সরণি সড়ক এলাকা ঘুরে দেখা গেছে, পথচারী ও যানবাহনের চালকদের মধ্যে মাস্কের ব্যবহার বেড়েছে। মাস্কবিহীন পথচারীর সংখ্যা ছিল হাতে গোনা। তবে বড় একটি অংশের মাস্ক পরা যথাযথ ছিল না। অনেকে হাঁটাচলা করছেন হাতে মাস্ক নিয়ে। বিশেষ করে রিকশাচালকদের বেশির ভাগই মাস্ক দিয়ে নাক মুখ ঢাকেননি। থুতনির নিচে নামিয়ে রাখেন। দুইজন আরোহী নিয়ে চলাফেরা করার রিকশার কোনোটিতে তিনজন, আবার কোনোটিতে চারজন নিয়ে চলতে দেখা গেছে। শহরের অভ্যন্তরীণ সড়কে রিকশা চলাচল ছিল অনেকটাই স্বাভাবিক ও বাধাহীন।
নাক–মুখ না ঢেকে থুতনির নিচে নামিয়ে রাখার কারণ জানতে কথা হয় কয়েকজন চালকের সঙ্গে। তাঁদের বেশির ভাগের উত্তর, গরম–গরম লাগে। শ্বাসপ্রশ্বাস নিতে কষ্ট হয়। কথা বললে কেউ বোঝে না।
তাহলে মাস্ক না পরলেই হতো কি না, এমন প্রশ্নে বেশির ভাগ চালকের উত্তর মিলল কেবল হাসির মাধ্যমে। আবার অনেকে সরলভাবেই স্পষ্ট করে বললেন, মাস্ক না থাকলে রাস্তাঘাটে পুলিশ ধরে।
বাসস্ট্যান্ড এলাকায় ফেরি করে মাস্ক বিক্রি করছিলেন লোকমান হোসেন নামের এক তরুণ। তাঁর ভাষ্য, এবারের বিধিনিষেধের প্রথম দিন থেকেই বেচাকেনা ভালো। বেলা সাড়ে ১১টার মধ্যে ৩৫০ টাকা বিক্রি করেছেন।
ঢাকা-সিলেট মহাসড়কে অন্য যেকোনো দিনের চেয়ে শনিবার অ্যাম্বুলেন্স চলাচল বেড়েছে। বাসস্ট্যান্ড এলাকায় বেশ কিছুক্ষণ অবস্থান করে লক্ষ করা গেছে, গড়ে প্রতি মিনিটে একটি করে অ্যাম্বুলেন্স আসা–যাওয়া করছে। প্রতিটি অ্যাম্বুলেন্স চলছে সাইরেন বাজিয়ে।
সকাল থেকে বাসস্ট্যান্ড এলাকায় কর্তব্য পালন করছিলেন ভৈরব থানার উপপরিদর্শক তোফায়েল আহমেদের নেতৃত্বে একদল পুলিশ। পুলিশ সদস্যরা জানান, ১০টি গাড়ি আটকালে ৮টির আরোহীর হাতে পাওয়া যায় প্রেসক্রিপশন কিংবা পরীক্ষা–নিরীক্ষার কাগজপত্র। আর মহাসড়কে তো অ্যাম্বুলেন্স ছাড়া আর কিছু দেখা যায় না।
উপপরিদর্শক তোফায়েল আহমেদ বলেন, মনে হয় মানুষ মাস্ক পরার বিষয়ে আগের চেয়ে এখন বেশি সচেতন। তবে তিনি স্বীকার করেন, বেশির ভাগ মানুষের মাস্ক ব্যবহার এখনো বিপদ থেকে বাঁচার জন্য, করোনা থেকে নয়।