ভৈরবে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে নিজ ঘর থেকে নাসিউল হক (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়ার একটি বাসা বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশটি উদ্ধার করে পুলিশ। তিনি চেইনশপ ‘স্বপ্ন’ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ শাখার ব্যবস্থাপক ছিলেন।

নাসিউলের বাড়ি নওগাঁর সাপাহার উপজেলার প্রফেসরপাড়ায়। তাঁর বাবার নাম আবদুর রহমান। পুলিশ বলছে, তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।

পুলিশ ও স্বপ্নের কর্মীরা জানান, স্বপ্ন আশুগঞ্জ শাখাটির যাত্রা শুরু হয় গত ১৩ নভেম্বর। উদ্বোধনের দিন থেকে তিনি ব্যবস্থাপকের দায়িত্ব পালন করে আসছিলেন। কর্মস্থল আশুগঞ্জ হলেও বসবাস করতেন ভৈরবে। ওই শাখার বিক্রয়কর্মী জয়নাল আবেদীনের সঙ্গে একটি বাসায় সাবলেট হিসেবে থাকতেন। নাসিউলের সঙ্গে পরিবারের আর কেউ থাকতেন না। তবে জয়নালের সঙ্গে তাঁর মা থাকতেন। নাসিউল খাওয়াদাওয়া করতেন জয়নালের পরিবারের সঙ্গে। গতকাল দুপুরে নাসিউল কর্মস্থল থেকে বাসায় যান। দুপুরের খাবার খান। জয়নাল তখন কর্মস্থলে ছিলেন। আর তাঁর মা বাইরে ছিলেন। রাত আটটার দিকে তিনি বাসায় দেখেন নাসিউল বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলে আছেন। পুলিশ গিয়ে রাত নয়টার দিকে লাশটি থানায় নিয়ে যান। আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

স্বপ্ন আশুগঞ্জ শাখার ডিলার জাহিদুল হক বলেন, প্রতিষ্ঠানের ব্যবস্থাপক পদটির পদায়ন হয়ে থাকে ঢাকা থেকে। ফলে নাসিউলের সঙ্গে তাঁর খুব বেশি যোগাযোগ ছিল না।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, সুরতহাল প্রতিবেদনে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছে।