ভৈরবে ৩০টি নমুনা পরীক্ষা করে ২৭টিই পজিটিভ
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সর্বশেষ করোনার নমুনা পরীক্ষায় ২৭ জন আক্রান্তের তথ্য পাওয়া গেছে। ৩০ জনের নমুনা পরীক্ষা করে এই ফল এসেছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত ৯০ শতাংশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন।
ভৈরবে প্রথমে সংক্রমণ ধরা পড়ে গত বছরের ১০ এপ্রিল। এরপর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭৫ জন। উপজেলায় আজ বৃহস্পতিবার করোনায় আক্রান্ত ৫৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। তিনি পৌর শহরের নিউ টাউন এলাকার বাসিন্দা। এ নিয়ে ভৈরবে করোনায় মৃতের সংখ্যা ২৩ জনে পৌঁছাল।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত সোমবার দেওয়া নমুনা পরীক্ষার তথ্য আজ বৃহস্পতিবার পাওয়া যায়। সোমবার নমুনা দেওয়া হয়েছে ৩০ জনের। সংক্রমণ পাওয়া গেছে ২৭ জনের। শনাক্তের হার ৯০ শতাংশ। এক সপ্তাহ ধরে গড় এই হার ৬৫ শতাংশের ওপর থাকছে।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. খুরশীদ আলম বলেন, ‘ভৈরবের অবস্থা এখন খুবই নাজুক। করোনার প্রায় দেড় বছর হতে চললেও এখন পর্যন্ত আমরা মাস্ক পরার গুরুত্বটা বুঝতে পারলাম না। এখনো আমরা মাস্ক পরি আসা–যাওয়ার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয়ে, প্রাণভয়ে নয়।’