‘ভোট দিতে এসে লাল গোলাপ পেলাম জীবনে প্রথম’
সম্প্রতি হয়ে যাওয়া ভোট নিয়ে ভোটারদের মুখে নানা শঙ্কার কথা শোনা গেছে। এর মধ্যে অন্যতম শঙ্কা ছিল গোপন কক্ষে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারা নিয়ে। তবে কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার আদর্শ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভিন্ন রকম অভিজ্ঞতা হলো ভোটারদের। বিশ্ব ভালোবাসা দিবস আর পয়লা ফাল্গুন উপলক্ষে তাঁরা পেয়েছেন একটি করে লাল গোলাপ।
এই কেন্দ্রে গোলাপ হাতে লাইনে দাঁড়িয়ে ছিলেন স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম। তিনি বলছিলেন, ভোট দিতে এসে জীবনে এই প্রথম লাল গোলাপ পেলেন তিনি। তাঁর কাছে এটি অন্য রকম ভালো লাগার অভিজ্ঞতা।
হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোটারদের হাতে একটি করে গোলাপ ফুল দিতে দেখা যায় সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী চম্পা বেগমের সমর্থকদের। চম্পা বেগম অটোরিকশা প্রতীকে নির্বাচন করছেন।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এই ডিগ্রি কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রার্থীর ছোট ভাই শওকত আজিজ কিছু তরুণ-তরুণীকে নিয়ে কেন্দ্রে আসা প্রত্যেক ভোটারকে একটি করে গোলাপ ফুল উপহার দিচ্ছেন। এ সময় সাধারণ ভোটারদেরও ফুল পেয়ে হাসতে দেখা যায়। শওকত আজিজ বলেন, বেলা সাড়ে ১১টা পর্যন্ত তাঁরা প্রায় ৮০০ ভোটারকে ফুল দিয়েছেন। ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত ফুল বিতরণ অব্যাহত থাকবে।
কাউন্সিলর প্রার্থী চাম্পা বেগম বলেন, তিনি গত নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। তাই এবার বিশ্ব ভালোবাসা দিবসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রত্যেক ভোটারকে ফুল উপহার দিয়ে ভালোবাসা জানাচ্ছেন।