ভোট দিতে যাওয়ার পথে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

নোয়াখালীর চাটখিলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট দিতে যাওয়ার পথে এক গৃহবধূকে (২৬) ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ইস্পাহানী ফকিরবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. গোলাম সরোয়ার (২৮)। তিনি চাটখিল উপজেলার ইটপুকুরিয়া গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত ছালেহ আহম্মদের ছেলে।

আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তার গোলাম সরোয়ারকে নোয়াখালীর চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালত শুনানি শেষে তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, গত ২৬ ডিসেম্বর নোয়াখালীর চাটখিল উপজেলা থেকে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলায় ইউপি নির্বাচনে ভোট দিতে যাওয়ার পথে গৃহবধূ (২৬) ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ২৮ ডিসেম্বর ভুক্তভোগী গৃহবধূ চাটখিল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। নারায়ণগঞ্জের বন্দর থানা–পুলিশের সহায়তায় শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।