‘ভোট দেওয়া সহজ কিন্তুক সময় নাগোছে বেশি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবারের মতো ইভিএমে ভোট দিয়েছেন বৃদ্ধ হর বালা ও ননী বালা
ছবি: প্রথম আলো

দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট দিয়ে লাঠিতে ভর করে বাড়ি ফিরছিলেন হর বালা (৭৮)। তিনি ইউনিয়নের ফুলবন সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রের ভোটার। ইলেকট্রনিক ভোটিং মেশিনে  (ইভিএম) ভোট দেওয়ার অভিজ্ঞতা জানতে চাইলে বলেন, ‘হারাতো বায় ভালো করি চোখে দেখিও না। মানুষগিলাক কহিনো কোঠে কোঠে টিপিবা নাগিবে। হামাক দেখে দিলো আর হারা মেশিনত টিপি দিনো।’

ষষ্ঠ ধাপে আজ সোমবার দিনাজপুরের সদর উপজেলা, বিরল ও ঘোড়াঘাটের মোট ২০টি ইউপিতে ভোট গ্রহণ হয়েছে। আজ সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত সদর উপজেলার সুন্দরবন ও ফাজিলপুর ইউপির কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, প্রথমবারের মতো ইভিএমে ভোট দিতে গিয়ে হর বালার মতো বয়োবৃদ্ধরা বিড়ম্বনায় পড়েছেন। আবার বয়স্ক ব্যক্তিদের হাতের রেখা মুছে যাওয়ায় ইভিএমে ভোট দিতে সময় বেশি লাগছে বলে জানা গেছে।

কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা মমতাজ আলী ও প্রভাস চন্দ্র রায় বলেন, ‘ভোট দেওয়া সহজ। কিন্তুক সময় নাগোছে বেশি। আগেরবার ব্যালটত ভোট দিছি। ব্যালট নিয়ে কাড়াকাড়ি, হুজ্জোতি হচিলো। এইবার বোতাম টিপি দিনো। কিন্তুক যায় বুঝে নাই ওমার তানে (তাঁদের জন্য) কঠিন হই গেছে, এইতানে সময় নাগোছে বেশি।’

সুন্দরবন ইউপির সদরপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ফিরে যাচ্ছিলেন আইয়ুব আলী (৭০)। তিনি জানালেন, তাঁর হাতের ছাপ মিলছে না। আবার তাঁর সঙ্গে জাতীয় পরিচয়পত্রও নেই। তাই তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পরও তিনি ভোট দিতে পারেননি।

খোসালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ‘গোপন বুথের কাছে যাওয়ার নিয়ম নেই। কিন্তু কিছু করার নেই। ভোটাররা ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি ভালোভাবে বুঝতে পারছেন না। তাই গোপন বুথের পাশে গিয়ে তাঁদের দেখিয়ে দিতে হচ্ছে।

ইভিএমের কারণে কেন্দ্রগুলোতে ধীরগতিতে ভোট গ্রহণ হয়েছে। এতে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ভোটারদের অনেক সময় অপেক্ষা করতে হয়েছে। আজ দুপুরে খোসালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে
ছবি: প্রথম আলো

বেলা একটার দিকে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ইভিএমে ভোট দিতে সময় বেশি লাগার পাশাপাশি সেখানে ভোটকক্ষের সংকট রয়েছে। বিদ্যালয়ের মাঠে থেকে শুরু করে বিদ্যালয়ের বারান্দা ও সিঁড়ির গোড়ায় তিল ধারণের জায়গা নেই। দ্বিতীয় তলায় পোলিং এজেন্টরা অভিযোগ করেন, ভোটারদের চাপে তাঁরা ঠিকমতো ভোট দেখতে পারছেন না। তাঁদের বসার মতো কোনো জায়গাও নেই। দুটি বেঞ্চ দিয়ে ভোট দেওয়ার জন্য গোপন কক্ষ তৈরি করা হলেও সেখানে গোপনীয়তা রক্ষা হচ্ছে না বলে একাধিক পোলিং এজেন্ট অভিযোগ করেছেন।

সময় বেশি লাগলেও প্রথমবার ইভিএমে ভোট দেওয়ার পর বেশির ভাগ ভোটার স্বস্তি প্রকাশ করেছেন। বিকেল পাঁচটা পর্যন্ত কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

সুন্দরবন ইউপির দায়িত্বরত নির্বাচন কর্মকর্তা সামছুল আযম বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে প্রথমবার ইভিএমে ভোট নেওয়ার কারণে সময় বেশি লেগেছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে যাঁরা ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন তাঁদের সবার ভোট নেওয়া হয়েছে।