ভোটকক্ষের ভেতরে নৌকার এজেন্টের পকেটে মুঠোফোন, ভেঙে ফেললেন ইউএনও
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটকক্ষের ভেতরে আওয়ামী লীগের প্রার্থীর এজেন্টের দেহ তল্লাশি করে মুঠোফোন পাওয়া গেছে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান মুঠোফোনটি মেঝেতে ছুড়ে ভেঙে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে।
আজ বুধবার বেলা দুইটার দিকে জিংলীগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। ওই এজেন্টের নাম আজাদ মিয়া (৩৫)। তিনি পাইকুরাটি ইউপির আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম এম এ রেজার এজেন্ট।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান ওই কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় তিনি প্রতিটি বুথের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যের এজেন্টদের সঙ্গে থাকা মুঠোফোন ফেরত দিতে বলেন। এ সময় এজেন্টরা মুঠোফোন ইউএনওর কাছে জমা দিতে শুরু করেন। এ সময় আজাদ মিয়া তাঁর কাছে মুঠোফোন নেই বলে ইউএনওকে চ্যালেঞ্জ করেন। এতে ইউএনও এক ব্যক্তিকে আজাদ মিয়ার পকেট তল্লাশি করতে নির্দেশ দিলে তাঁর পকেট থেকে একটি স্মার্টফোন উদ্ধার করেন তিনি। এরপর ইউএনও ওই মুঠোফোন কক্ষের মেঝেতে ছুড়ে ভেঙে ফেলেন। পরে তিনি মুঠোফোনের ওপর বেশ কয়েকবার পা দিয়ে চাপ দেন।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ বলেন, ‘ইউএনও স্যার একটি মুঠোফোন ভেঙে দিয়েছেন। এজেন্টদের ২৫টি মুঠোফোন আমার কাছে জমা আছে। ভোট গ্রহণ শেষে সেগুলো ফেরত দেওয়া হবে।’
আজাদ মিয়া বলেন, তিনি মিথ্যা বলে ভুল করেছেন। এ জন্য শাস্তিস্বরূপ ইউএনও তাঁর মুঠোফোন ভেঙে ফেলেছেন।
জানতে চাইলে ইউএনও মাহমুদুর রহমান বলেন, ভোটকেন্দ্রের ভেতরে প্রার্থীর এজেন্টদের মুঠোফোন রাখার কোনো নিয়ম নেই। তবে মুঠোফোন ভেঙে দেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেছেন।