ভোটকেন্দ্র দখল-ব্যালটে সিল মারার সুযোগ কাউকে দেওয়া হবে না

আগামীকাল ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে কক্সবাজারের তিনটি উপজেলার (উখিয়া, কক্সবাজার সদর ও রামুতে) ২১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হচ্ছে। দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার। নির্বাচনী সহিংসতার জের ধরে ইতিমধ্যে দুজন ইউপি সদস্য প্রার্থী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে গত ২০ সেপ্টেম্বর প্রথম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জেলার মহেশখালী ও কুতুবদিয়ায় ভোটকেন্দ্র দখল ও ব্যালটে সিল মারার পৃথক ঘটনায় দুই ব্যক্তি নিহত হন। এই নির্বাচনেও ভোটকেন্দ্র দখল, ব্যালটে সিল মারা ও ব্যালট বাক্স ছিনতাই নিয়ে হানাহানির আশঙ্কা করছেন ভোটাররা। ২১ ইউনিয়নের ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৭টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। সার্বিক পরিস্থিতি নিয়ে প্রথম আলো কথা বলেছে জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেনের সঙ্গে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন :

নির্বাচন নিয়ে আপনাদের প্রস্তুতি কেমন?

শাহাদাত হোসেন: প্রস্তুতি প্রায় শেষ। ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে। মঙ্গলবার রাত থেকে বিজিবি, র‍্যাব ও পুলিশ মাঠে নেমেছে। প্রতিটি ভোটকেন্দ্রের ভেতরে নিরাপত্তার দায়িত্বে থাকবে ২২ জন। এর মধ্যে পাঁচজন পুলিশ ও দুজন আনসার বাহিনীর সদস্য। কেন্দ্রের বাইরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকেল চারটা পর্যন্ত। আশা করছি, ১১ নভেম্বর আমরা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করতে পারব।

প্রশ্ন :

ভোটকেন্দ্র দখল, ব্যালটে সিল মারা নিয়ে বিভিন্ন প্রার্থীর হুমকি-ধমকির খবর গণমাধ্যমে আসছে। ভোটকেন্দ্রে না যেতে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনও চলছে। আপনারা কী করছেন?

শাহাদাত হোসেন: কিছু হুমকি-ধমকির কথা আমরাও শুনছি, কিন্তু এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। তার পরও আমরা বসে নেই। এ ক্ষেত্রে আমাদের প্রস্তুতি আছে। জেলা প্রশাসকের নেতৃত্বে একটি শক্তিশালী কমিটি তৎপর। ৭ নভেম্বর আমরা জরুরি বৈঠক করেছি। নির্বাচনে যে পরিমাণ বিজিবি, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে নেমেছে, আশা করি কোনো কেন্দ্রে গোলযোগ সৃষ্টির সুযোগ থাকবে না। ভোটকেন্দ্র দখল, ব্যালটে সিল মারার সুযোগ কাউকে দেওয়া হবে না। তা ছাড়া প্রার্থীরাও আমাদের আশ্বস্ত করেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, ভোটারদের কেন্দ্রে আসতে বাধা কিংবা অসুবিধার সৃষ্টি হয়, এমন কাজে তাঁরা জড়াবেন না।

প্রশ্ন :

প্রথম ধাপের ২০ সেপ্টেম্বরের নির্বাচনেও প্রার্থীরা এ রকম আশ্বাস দিয়েছিলেন। তবু মহেশখালী ও কুতুবদিয়ায় ভোটকেন্দ্র দখল, ব্যালটে সিল মারাকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলিতে দুজন নিহত হন। এবারও তেমন পরিস্থিতি। নির্বাচন শান্তিপূর্ণ করবেন কীভাবে?

শাহাদাত হোসেন: মহেশখালী ও কুতুবদিয়ার ঘটনায় আমরা সঙ্গে সঙ্গে নির্বাচন স্থগিত করেছিলাম। পরিস্থিতি স্বাভাবিক করে ঘণ্টাখানেকের মধ্যে পুনরায় ভোট গ্রহণ শুরু করেছিলাম। এর পরও নির্বাচন স্বতঃস্ফূর্ত ছিল, ৬১ শতাংশ ভোট পড়েছিল। ভোটের প্রতি মানুষের আগ্রহ এখনো প্রবল। আশা করি, এবারও মানুষ ভোট দিতে কেন্দ্রে আসবেন। যোগ্য ও পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

প্রশ্ন :

তিন উপজেলার ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৭টি ঝুঁকিপূর্ণ। নিরাপত্তার কী ব্যবস্থা নিলেন?

শাহাদাত হোসেন: বিশেষ টহল থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রামুতে ২২ জন, কক্সবাজার সদরে ১২ ও উখিয়াতে ১২ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পুলিশ, বিজিবি, র‍্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একাধিক দল টহলে থাকবে।

প্রশ্ন :

প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে দলের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের তৎপরতার কারণে বেশির ভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত হয়েছে। আপনি কী বলবেন?

শাহাদাত হোসেন: এটা সত্যি, সব কটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে দলটির একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাঁরা আমাদের কথা দিয়েছেন যে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনকে সহযোগিতা করবেন। ভোটকেন্দ্রে কোনো ধরনের গোলযোগ সৃষ্টি হলে তাঁরাই দায়ী থাকবেন। বিদ্রোহী প্রার্থীর কারণে যেসব কেন্দ্রে গোলযোগ কিংবা হানাহানির আশঙ্কা আছে, সেসব কেন্দ্রে নিরাপত্তা বাড়ানো হয়েছে।