ভোটকেন্দ্রে টাকা বিতরণের সময় চেয়ারম্যান প্রার্থীর ভাইকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটকেন্দ্রে টাকা বিতরণের সময় আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর ছোট ভাইকে আটক করে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার দুপুর ১২টার দিকে ইউনিয়নের ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিন সারোয়ার এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. কারিফ (৩৮)। তিনি সদর উপজেলার নাটাই গ্রামের বাসিন্দা ও নাটাই উত্তর ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হালিম শাহ মো. লীল মিয়ার ছোট ভাই।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিন সারোয়ার বলেন, স্বতন্ত্র প্রার্থী হালিম শাহর ছোট ভাই ও পোলিং এজেন্ট কারিফ ভোটকেন্দ্রের ভেতরে বসে মুঠোফোনে কথা বলছিলেন। কেন্দ্রে দায়িত্বরত ব্যক্তিরা তাঁকে মুঠোফোন জমা দেওয়ার কথা বলেন। কিন্তু তিনি মুঠোফোন জমা দেননি। পাশাপাশি তিনি ভোট কেনার জন্য কেন্দ্রে টাকা বিতরণ করছিলেন। এ সময় ২৬ হাজার ৮০০ টাকা, মুঠোফোনসহ তাঁকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।