ভোটকেন্দ্রে ঢুকে জাল ভোট দেওয়ার চেষ্টা, আধধণ্টা ভোট গ্রহণ স্থগিত
মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ চলাকালে জোর করে কেন্দ্রে ঢুকে জাল ভোট দেওয়ার চেষ্টা করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে আধঘণ্টা ভোট গ্রহণ স্থগিত রাখা হয়।
আজ বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়নের পালড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নাছির উদ্দিনের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে জোর করে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
ভোটকেন্দ্র ও ভোটার সূত্রে জানা যায়, আজ সকাল আটটা থেকে পালড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বেলা ১১টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী মো. নাছির উদ্দিনের কর্মী-সমর্থকেরা জোর করে কেন্দ্রের ভেতরে ঢুকে জাল ভোট দেওয়ার চেষ্টা করেন। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের আজমত আলীর কর্মী-সমর্থকেরা বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রে আসেন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে তিনি কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেন। পরিস্থিতি স্বাভাবিক হলে দুপুর ১২টার দিকে আবার ভোট গ্রহণ শুরু হয়।
দুপুর ১২টার আগে কেন্দ্রটিতে সরেজমিনে দেখা যায়, ভোট গ্রহণ স্থগিত আছে। ভোটারদের অনেকে চলে গেলেও কেন্দ্রের আশপাশে বেশ কিছু ভোটার অবস্থান করছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা চোখে পড়ে।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আজমত আলী অভিযোগ করেন, নৌকা প্রতীকের কর্মীরা কেন্দ্রের ভেতরে ঢুকে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার চেষ্টা করেন, এতে বাধা দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে নাসির উদ্দিন বলেন, ‘কে বা কারা কেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তা আমার জানা নেই। যাঁরা কেন্দ্রে প্রবেশ করেছেন, তাঁরা আমার কোনো কর্মী-সমর্থক নন।’
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, বহিরাগত যুবকেরা কেন্দ্রের ভেতর এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রে এসে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেন। পরিস্থিতি স্বাভাবিক হলে দুপুর ১২টা থেকে আবার ভোট গ্রহণ শুরু হয়।