সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের উপনির্বাচনের দিন ভোটকেন্দ্রে না যেতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছে জেলা বিএনপি। বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে গতকাল বুধবার রাতে এ নির্দেশনা দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার সকালে এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার প্রথম আলোকে বলেন, যেহেতু বিএনপি নির্বাচন বয়কট করেছে, তাই ভোট দেওয়া তো দূরের কথা, ভোটকেন্দ্রের আশপাশে না যেতে বলা হয়েছে। এটি শুধু নির্দেশনা নয়, কঠোর নির্দেশনা। ইতিমধ্যে সবাইকে তা জানিয়ে দেওয়া হয়েছে। যদি কেউ এই নির্দেশনা অমান্য করে, তাহলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
৪ সেপ্টেম্বর এ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য হয়। এর আগে ২৮ জুলাই ভোট গ্রহণের তারিখ ছিল। করোনা পরিস্থিতির কারণে উচ্চ আদালতের নির্দেশে ভোটের তারিখ পরিবর্তন করে ৪ সেপ্টেম্বর করা হয়।
গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে এ আসনের আওয়ামী লীগের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। পরে আসনটি শূন্য হয়। এখানে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার। এ আসনে কেন্দ্র ১৪৯টি। মাঠে প্রার্থী চারজন। তাঁরা হলেন আওয়ামী লীগের হাবিবুর রহমান (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান (লাঙ্গল), নির্বাচনে নেমে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) ও বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মুহাম্মদ মিয়া (ডাব)।
নগরীর সোবহানীঘাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়। জেলার আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে সভায় জেলা কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী সঞ্চালনা করেন। সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী, জেলা কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, মঈনুল হক চৌধুরী, সামিয়া বেগম চৌধুরী, ফখরুল ইসলাম, এমরান আহমদ চৌধুরী, মাজহারুল ইসলাম, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, জেলা মহিলা দলের সভানেত্রী সালেহা কবির, জেলা যুবদলের সদস্যসচিব মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, দেশে যখনই কোনো দুর্ভোগ নেমে এসেছে, তখনই জিয়াউর রহমান ও বিএনপির নেতৃত্বেই তা মোকাবিলা হয়েছে। বাংলাদেশ, জিয়াউর রহমান ও বিএনপি এক ও অভিন্ন। যত দিন বাংলাদেশ নামক রাষ্ট্র বিশ্বের বুকে টিকে থাকবে, তত দিন জিয়াউর রহমানের নাম ও বিএনপি টিকে থাকবে। কোনো দেশপ্রেমিক জিয়ার কৃতিত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে না।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন উল্লেখ করে বিএনপি নেতারা বলেছেন, এর মাধ্যমে আওয়ামী লীগও এ দেশে রাজনীতি করার সুযোগ পায়। এখন তাঁরা ক্ষমতাসীন হয়ে গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করেছে। এ অবস্থায় আর কোনো নির্বাচন বা ভোটে বিএনপি অংশ নেবে না।