ভোটাররা কেন্দ্রে যেতে পারলে নিশ্চিত জয়ী হব: বিএনপি প্রার্থী রাজু আহম্মেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজু আহম্মেদ
সংগৃহীত
কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচন ২৮ ডিসেম্বর। মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী রাজু আহম্মেদ। তিনি খোকসা পৌর বিএনপির সাধারণ সম্পাদক। প্রথম আলোর কাছে নির্বাচন ও পৌরসভার সমস্যা-সম্ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

প্রশ্ন :

গত নির্বাচনের অভিজ্ঞতা কেমন ছিল?

রাজু আহম্মেদ: গতবার পৌর নির্বাচনে অংশ নিয়েছিলাম। কিন্তু ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের কারণে জিততে পারিনি। এই সরকারের সময় নির্বাচন করা একটা চ্যালেঞ্জ। আমার পরিবার অনেক দিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত। এলাকার সব বয়সী মানুষ আমাদের চেনেন ও জানেন।

প্রশ্ন :

আপনার প্রয়াত বাবা তাঁতারী খান পরপর দুবার মেয়র ছিলেন। নির্বাচনে সেটা কতটা আপনার সহায়ক হবে?

রাজু আহম্মেদ: আমি আগেই বলেছি, আমার পরিবার পুরোনো রাজনৈতিক পরিবার। আমার ভাবিও একজন জনপ্রতিনিধি। সেই সুবাদে আমার বাবা এই পৌরসভার যেসব উন্নয়ন করে গেছেন, সেসব কথা পৌরবাসী জানেন। তাঁর বাকি কাজ এবং স্বপ্ন পূরণে এবার পৌরবাসী আমাকে মেয়র হিসেবে অবশ্যই নির্বাচিত করবেন।

প্রশ্ন :

এবার প্রথমবারের মতো খোকসা পৌরসভায় ইভিএমে ভোট হবে। ভোটারদের উপস্থিতি বা ভোট কেমন হবে বলে মনে করেন?

রাজু আহম্মেদ: ইভিএম বিষয়ে ভোটারদের তেমন ধারণা নেই। জানি না প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে। ভোটাররা যদি ভোটকেন্দ্রে যেতে পারেন, তবে আমি শতভাগ নিশ্চিত জয়ী হব। ইনশা আল্লাহ।

প্রশ্ন :

ভোটারদের ভোটকেন্দ্রে আনতে বা ভোট দিতে উদ্বুদ্ধ করতে আপনি কী করছেন?

রাজু আহম্মেদ: মাঠেই তো নামতে পারছি না। ভোট চাইতে গেলে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। দৌড়ের ওপর বের হচ্ছি। আবার দৌড়ের ওপর বাড়ি ফিরে আসছি। কর্মীদের ভয়ভীতি দেখিয়ে ঘরে বন্দী করে রাখছে। তাঁরা নামতে ভয় পাচ্ছেন। তারপরও যতটুকু পারছি, মুঠোফোনে যোগাযোগ করা হচ্ছে। সুযোগ করে বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে।

প্রশ্ন :

প্রতিপক্ষের প্রার্থীকে কতটা প্রতিদ্বন্দ্বী মনে করছেন?

রাজু আহম্মেদ: জনগণ ভোট দিতে মুখিয়ে আছে। বিরোধী পক্ষ শক্তিশালী হলেই ভালো। তবে ভোটের দিক দিয়ে আমি ব্যাপকভাবে এগিয়ে আছি।

প্রশ্ন :

নির্বাচন কেমন হবে বলে আশা করছেন?

রাজু আহম্মেদ: এখন পর্যন্ত প্রশাসন ঠিক আছে। জানি না ভোটের দিন কী হবে। ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেওয়ার নিশ্চয়তা দিতে পারলে আর ইভিএমে যদি কারচুপি না হয়, ইনশা আল্লাহ আমিই জয়লাভ করব।

প্রশ্ন :

নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন?

রাজু আহম্মেদ: খোকসা পৌরসভায় দৃশ্যমান তেমন কোনো উন্নয়ন নেই। অবহেলিত পৌরসভাকে আধুনিক মানের করতে যা যা করা প্রয়োজন, তার সবই করা হবে। আমি নির্বাচিত হলে নাগরিকদের উন্নয়নের কথা ভেবে তাদের মতামতের ভিত্তিতে উন্নয়নকাজ করব।

প্রশ্ন :

সাক্ষাৎকারের জন্য সময় দেওয়ায় ধন্যবাদ।

রাজু আহম্মেদ: প্রথম আলোকেও ধন্যবাদ।