
চট্টগ্রামে খাল খনন শুরু হলেই আশাবাদী হয়ে ওঠে মানুষ। এবার বুঝি জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে...কিন্তু বর্ষা এলেই সে আশায় গুড়ে বালি—এ বক্তব্য চট্টগ্রাম সিটি করপোরেশনের কয়েকজন ওয়ার্ড কাউন্সিলরের।
কাউন্সিলররা বলছেন, সিটি করপোরেশন নির্বাচন ঘনিয়ে আসছে। নির্বাচনের আগে প্রতিবারই সম্ভাব্য মেয়র প্রার্থীরা জলাবদ্ধতা দূর করার বড় বড় প্রতিশ্রুতি দেন। কিন্তু বর্ষায় হাঁটুপানি ডিঙিয়েই চলতে হয়। এ বছরের জুন মাসে জলাবদ্ধতার কারণে টানা তিন দিন মানুষ পানিবন্দী ছিল। আগামী জুনের আগেই নির্বাচন হতে পারে। তাই এবার আগেভাগেই খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের দাবি, নির্বাচন এলেই লোক দেখানো খাল খননের কাজ শুরু হয়।
নগরের জলাবদ্ধতা নিরসনে এবার ডিসেম্বর মাসেই শুরু হয়েছে খাল খনন। তবে চট্টগ্রাম সিটি করপোরেশনের এই কাজকে রুটিন (নিয়মিত) কাজের বেশি কিছু ভাবতে নারাজ জলাবদ্ধতা বিষয়টি নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা। এর সুফল পাওয়া নিয়েও সংশয় প্রকাশ করেছেন তাঁরা।
জলাবদ্ধতা নিরসনে মেয়র ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে অভিযোগ করেছেন সিটি করপোরেশনের দুজন কাউন্সিলর। জামালখান ওয়ার্ডের কাউন্সিলর বিজয় কৃষাণ চৌধুরী প্রথম আলোকে বলেন, মেয়র রুটিন কাজ করলেও টাকার অভাবে ড্রেনেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি। তিনি অন্যান্য ক্ষেত্রে বরাদ্দ কম দিয়ে খাল খননে বেশি বরাদ্দ দিলে পরিস্থিতি অন্য রকম হতো।
লালখান বাজারের ওয়ার্ড কাউন্সিলর এ এফ কবির আহমদ মানিক বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে তিনি (মেয়র) সফল নন। তিনি তহবিলের জন্য সরকারের কাছে যাননি। উদ্যোগও নেননি। তাঁর কাছে জনগণের অনেক চাওয়া-পাওয়ার ছিল। কিন্তু তিনি প্রতিশ্রুতির কথা ভুলে গেছেন।’
তবে শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর শামসুজ্জামান হেলালী বলেন, মার্চ-এপ্রিলে খাল খনন করার কারণে এর সুফল পাওয়া যেত না। এবার অবস্থার উন্নতি হতে পারে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, ‘খাল খননে এখন কাজ শুরু না করলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সমস্যা সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। তাই এবার শুষ্ক মৌসুমেই এই কার্যক্রম শুরু করে দিয়েছি।’
বিশেষজ্ঞরা বলছেন, চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা সৃষ্টির তিনটি প্রধান কারণ রয়েছে। এগুলো হচ্ছে খাল ও নালা-নর্দমার জায়গা দখল হয়ে যাওয়া, নিয়মনীতি না মেনে ভবন নির্মাণ এবং নগরজুড়ে গড়ে ওঠা অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। সমন্বিতভাবে এই তিনটি কাজ করা না গেলে বিচ্ছিন্ন কোনো উদ্যোগের সুফল পাওয়া যায় না।
বাংলাদেশ প্ল্যানার্স ইনস্টিটিউট, চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি প্রকৌশলী আলী আশরাফ প্রথম আলোকে বলেন, জলাবদ্ধতা নিরসনে করপোরেশনের পদক্ষেপকে রুটিন রক্ষণাবেক্ষণের কাজ বলা চলে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে নগরের জলাবদ্ধতা নিরসন করা যাবে না। জলাবদ্ধতা নিরসনে ১৯৯৫ সালে প্রণয়ন করা ড্রেনেজ মহাপরিকল্পনায় থাকা নতুন তিনটি খাল খনন করা ছাড়া উপায় নেই।
সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের পানিনিষ্কাশনে ১৬টি মূল খাল রয়েছে। এর মধ্যে ১ ডিসেম্বর থেকে চাক্তাই খাল, মির্জা খাল, বামুন শাহী খাল ও ত্রিপুরা খালের খনন কাজ শুরু হয়েছে।
এ বিষয়ে সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘এবার আমরা নিম্নাঞ্চল ও পাহাড়ের সঙ্গে সংযুক্ত খালগুলো খননে বেশি গুরুত্ব দিয়েছি। কেননা, এসব খাল দিয়ে নগরের অধিকাংশ এলাকার পানি প্রবাহিত হয়। ধারাবাহিকতা বজায় রেখে এরপর পর্যায়ক্রমে নগরের অন্য খালগুলো খনন করা হবে।’
গত সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, প্রায় তিন কিলোমিটার দীর্ঘ মির্জা খালের পাঁচটি অংশে খননকাজ চলছে। এই খাল পাঁচলাইশের গৌরাঙ্গবাড়ী থেকে শুরু হয়ে শমসেরপাড়ার নয়া খালের সঙ্গে সংযুক্ত হয়েছে। দীর্ঘদিন ধরে খনন না করায় খালের পানিপ্রবাহের অনেক এলাকাতেই বাধাগ্রস্ত হচ্ছে।
নগরের শমসেরপাড়া থেকে শুরু হওয়া অনন্যা আবাসিক এলাকা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ ত্রিপুরা খালের খননকাজের প্রায় ৮০ শতাংশ এরই মধ্যে শেষ হয়েছে বলে দাবি করেছেন করপোরেশনের প্রকৌশলীরা।
সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের যান্ত্রিক শাখার সহকারী প্রকৌশলী সুদীপ বসাক প্রথম আলোকে বলেন, সাধারণত জানুয়ারির দিকে নগরের খাল খনন কর্মসূচি শুরু হয়। তখন সব খাল একসঙ্গে খনন করতে গিয়ে যথাযথ তদারকি করা সম্ভব হয় না। তাই এবার আগেভাগে ডিসেম্বরে এই কর্মসূচি শুরু হয়েছে। আশা করা হচ্ছে, মার্চ-এপ্রিলেই এই কার্যক্রম শেষ হবে। এই কার্যক্রমে ১১টি এক্সকাভেটর (খননযন্ত্র) ব্যবহার করা হচ্ছে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, মহাপরিকল্পনায় নতুন তিনটি খাল খননের কথা ছিল। এর মধ্যে নগরের বাড়ইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত নতুন খাল খননের জন্য সিটি করপোরেশনের একটি প্রকল্প গত জুনে অনুমোদন দিয়েছে সরকার।
এ বিষয়ে সচেতন নাগরিক কমিটি চট্টগ্রাম শাখার সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার বলেন, জলাবদ্ধতার সমস্যা সমাধানে পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, রেলওয়ে, ওয়াসা এবং অন্যান্য বিভাগকে সম্পৃক্ত করার ক্ষেত্রেও সিটি করপোরেশনের কোনো উদ্যোগ দেখা যায়নি।