ভোটের আগের রাতে ফলাফল প্রস্তুত করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপি নির্বাচন
প্রতীকী ছবি

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্রে চেয়ারম্যান পদে ভোট গ্রহণের আগের রাতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ফলাফল প্রস্তুত করার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ প্রার্থী মো. শাহজাহান আলী ওই অভিযোগ করেন। ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে ওই নির্বাচন হয়।

শাহজাহান আলী অভিযোগ করে বলেন, ৩১ জানুয়ারি ভোট গ্রহণ হলেও আগের দিন রাত ১০টা ৫৮ মিনিটে ফলাফল চূড়ান্ত করে তা ইভিএম মেশিন থেকে প্রিন্ট দেওয়া হয়েছে। পরদিন ভোট গ্রহণ শেষে একই ফলাফল হাতে লিখে তা প্রার্থীদের কাছে সরবরাহ করা হয়।

এদিকে ইভিএমে ফলাফল জালিয়াতি ও ভোট ‘কারচুপি’র এই ‘গুরুতর’ অভিযোগ তুলে ১৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে একটি কেন্দ্রের পুনঃ ভোট গ্রহণের আবেদন করেন শাহজাহান আলী। তিনি সারিয়াকান্দির কাজলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও। ইভিএম নিয়ে এমন ‘গুরুতর’ অভিযোগ তুলে এ–সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ইসিতে দাখিল করায় ওই ইউপির নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত করা হয়েছে।

নির্বাচনে চেয়ারম্যান পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান আলী, বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ এস এম রফিকুল ইসলাম, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী রাশেদ মোশরাফ ও স্বতন্ত্র প্রার্থী এ বি এম শামস উদ্দিন জিন্নাহ।

নির্বাচনে মোট ভোটার ছিল ১২ হাজার ৭০০ জন। ১০টি ভোটকেন্দ্রের ৪৩টি বুথে ভোটারেরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন ছাড়াও সাধারণ সদস্য পদে ২৯ ও সাধারণ সদস্যপদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোট গ্রহণ শেষে আনারস প্রতীকে ২ হাজার ৮৭৭ ভোট পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী এ এস এম রফিকুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়। নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী শাহজাহান আলীর প্রাপ্ত ভোট ছিল ২ হাজার ৮৩৫টি। বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ৪২।

ইসিতে দাখিল করা শাহজাহান আলীর অভিযোগ সূত্রে জানা গেছে, পাকুরিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শেষে হাতে লেখা ফলাফল প্রার্থীদের কাছে সরবরাহ করা হয়। ফলাফলে দেখানো হয়, স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম আনারস প্রতীকে ৩৭৬ ভোট, শামস উদ্দীন জিন্নাহ মোটরসাইকেল প্রতীকে ২৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী রাশেদ মোশারফ ঘোড়া প্রতীক নিয়ে ৩৮২ ভোট ও নৌকা প্রতীকে শাহজাহান আলী ১৩০ ভোট পেয়েছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ৩১ জানুয়ারি ভোট গ্রহণ হলেও ইভিএমের যে ফলাফলটি পাওয়া গেছে, তা ছিল ৩০ জানুয়ারি রাত ১০টা ৫৮ মিনিটে প্রিন্ট বের করা ফলাফলের কপি। ইভিএমের প্রিন্ট কপিতে তারিখ ও সময় উল্লেখ থাকায় ভোট ‘কারচুপি’র বিষয়টি ধরা পড়ে। পরে ১৩ ফেব্রুয়ারি ভোট কারচুপির বিষয়টি নৌকার প্রার্থী শাহজাহান আলীর নজরে আসে। পরে তিনি নির্বাচন কমিশনের সচিবের কাছে লিখিত অভিযোগ করেন।

ইসি সচিবের কাছে করা অভিযোগে শাহজাহান আলী বলেন, পাকুরিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা ছিলেন মতিয়ার রহমান। তিনি আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামের নিকট আত্মীয়। এ কারণে তাঁকে নির্বাচনী দায়িত্ব না দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে আগেই লিখিত অভিযোগ করেছিলাম। রফিকুলের বাড়ির ২০, ৫০ ও ৭০ গজের মধ্যে তিনটি ভোটকেন্দ্র হওয়ায় নির্বাচনে প্রভাব বিস্তারের শঙ্কার কথাও লিখিতভাবে জানিয়েছিলাম।

কিন্তু কোনো কিছুই আমলে নেওয়া হয়নি। নিকট আত্মীয় হওয়ায় প্রিসাইডিং কর্মকর্তা ষড়যন্ত্র ও ইভিএমে কৌশলে কারচুপি করে রফিকুলকে বিজয়ী করেছেন।
তবে প্রিসাইডিং কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, ভোটের আগের দিন রাতে ইভিএমে ফলাফল চূড়ান্ত করার অভিযোগ সত্য নয়। যান্ত্রিক বিভ্রাটের কারণেই ইভিএম মেশিনে ৩১ তারিখের স্থলে ভুলক্রমে ৩০ তারিখ ও সময়বিভ্রাট হতে পারে। অবশ্য এই কর্মকর্তা ইভিএমের ফলাফলের প্রিন্ট কপির বদলে হাতে লেখা ফলাফল সরবরাহের কথা স্বীকার করেন।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, যেহেতু প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থী ইসিতে অভিযোগ করেছেন, সেহেতু বিষয়টি সেখানেই ফয়সালা হবে।

ইভিএমে ‘কারচুপি’ প্রসঙ্গে জানতে চাইলে আনারস প্রতীকের বিজয়ী প্রার্থী রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি বিএনপি সমর্থিত প্রার্থী। ভোটের আগের রাতে ইভিএমে “কারচুপি” সম্ভব হলে তো নৌকার সব ভোট আমার প্রতীকেই নিতাম। মাত্র ৪২ ভোটে বিজয়ী হতাম না। এ ছাড়া যে কেন্দ্রে ইভিএমে “কারচুপি”র অভিযোগ তোলা হচ্ছে, সেখানে ১ হাজার ২০৪ ভোটের মধ্যে আমি ৩৭৬ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছি। সর্বোচ্চ ভোট পেয়েছেন আওয়ামী লীগের “বিদ্রোহী” প্রার্থী। ইভিএমে “কারচুপি” সম্ভব হলে আমি সর্বোচ্চ ভোট পেতাম।’

বিজয়ী এই প্রার্থী আরও বলেন, পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে সব প্রার্থীর এজেন্টের উপস্থিতিতে ভোট গণনা করা হয়েছে। ফলাফল শিটে নৌকার প্রার্থীর এজেন্টসহ সব প্রার্থীর এজেন্ট স্বাক্ষর করেছেন। সেখানে ‘কারচুপি’ হলে নৌকার এজেন্ট স্বাক্ষরই করতেন না।

ইভিএমে সার্ভার ভোট গ্রহণ শুরুর আগে খোলে না। অবাধ ও সুষ্ঠ ভোটকে বিতর্কিত করতে রিটার্নিং কর্মকর্তার যোগসাজশে পরাজিত প্রার্থী মনগড়া অভিযোগ করছেন। এটা নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষণা করার অপকৌশল ও ষড়যন্ত্র। এ ধরনের ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।