ভোটের মাঠে মুখোমুখি পুত্রবধূ-শাশুড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুত্রবধূ সুলতানার প্রতীক তালগাছ। শ্বাশুড়ি হাওয়ারুনের প্রতীক মাইক।
ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একই পদে ভোটের লড়াইয়ে নেমেছেন পুত্রবধূ–শাশুড়ি। দুজনের ভোটযুদ্ধকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মধ্যেও বিভক্তি দেখা দিয়েছে। তবে দুই প্রার্থীই জয় পেতে মরিয়া। দিনরাত তাঁরা চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ।

খোঁজ নিয়ে জানা গেছে, বড়চতুল ইউপিতে ৪, ৫ ও ৬ নম্বর সাধারণ ওয়ার্ডের সমন্বয়ে গঠিত সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে মহিলা সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুক্তাপুর গ্রামের মোছা. সুলতানা বেগম ও মোছা. হাওয়ারুন নেছা। উভয়ে গৃহিণী। সাবেক সংরক্ষিত মহিলা সদস্য হাওয়ারুন সম্পর্কে সুলতানার শাশুড়ি হন। সুলতানা এবারই প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েছেন। সুলতানার প্রতীক তালগাছ ও হাওয়ারুনের প্রতীক মাইক। নির্বাচনী মাঠে তাঁরা কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। এটিই এখন উপজেলায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের নির্বাচনে বড়চতুল ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এলাকার কয়েকজন ভোটার জানান, দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্যের জেরে মূলত এক ঘরে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। ভোটারদের আলোচনা এখন সরগরম তাঁদের লড়াই নিয়ে। সকালে একজন ভোট চাইলে বিকেলে চাইছেন আরেকজন।

প্রচারণায় ব্যস্ত থাকায় সুলতানা এবং হাওয়ারুনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

তবে সুলতানার স্বামী আবুল কালাম বলেন, তাঁদের ভালো লেগেছে, তাই নির্বাচনে অংশ নিয়েছেন। তাঁর ছোট ভাই আবদুল মজিদ মায়ের পক্ষে কাজ করছেন বলেও তিনি জানিয়েছেন।

তবে আবদুল মজিদ দাবি করেছেন, পারিবারিক টানাপোড়নের জেরেই সম্ভবত তাঁর মা ও ভাবি প্রার্থী হয়েছেন। তবে তিনি দীর্ঘদিন ধরে সিলেট শহরে বসবাস করায় পুরো বিষয়ে অবগত নন। তিনি কারও পক্ষেই কাজ করছেন না বলে জানিয়েছেন।