ভোমরায় দুর্বৃত্তের হামলায় বিজিবি কমান্ডার নিহত
সাতক্ষীরার ভোমরা সীমান্তে গতকাল বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তের হামলায় নজরুল ইসলাম নামের বিজিবির একজন কোম্পানি কমান্ডার নিহত হয়েছেন। সীমান্তে পাচার ঠেকাতে গিয়ে তিনি এ হামলার শিকার হন বলে বিজিবি সূত্রে জানা গেছে।
সাতক্ষীরার ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভোমরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ছিলেন নজরুল (৫৬)। তাঁর বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার মাগুরাডাংগী গ্রামে।
প্রত্যক্ষদর্শী ভোমরা গ্রামের রবিউল ইসলাম ও শেখ সুমন জানান, সকাল আটটার দিকে সদর উপজেলার ভোমরা সীমান্তের ঘোষপাড়া শূন্য রেখায় সদর উপজেলার মাহমুদপুর গ্রামের আনোয়ার হোসেন ওরফে পলাশের সঙ্গে বিজিবি কমান্ডার নজরুলের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আনোয়ার তাঁর হাঁটু দিয়ে নজরুলের তলপেট ও হাত দিয়ে বুকে আঘাত করেন। এতে নজরুল সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাশের সুরতহাল করেছেন সদর থানার উপপরিদর্শক (এসআই) মোমিন হোসেন। তিনি জানান, নজরুলের মাথার ডান পাশ ও স্পর্শকাতর স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া শরীরের অন্য কোথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খুলনা অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল খলিলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, গতকাল সকালে ভোমরা সীমান্তের ঘোষপাড়ায় ভোমরা বিজিবি ক্যাম্পের সিপাই আমিনুল ইসলাম টহলে ছিলেন। সকাল সাড়ে সাতটার দিকে জনৈক আনোয়ার হোসেন সেখানে গিয়ে নিজেকে সাপ্তাহিক ক্রাইম বার্তা নামের একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে তাঁর সঙ্গে কথা বলতে শুরু করেন। এ সময় এক ব্যক্তি মাথায় করে এক বস্তা রসুন অবৈধভাবে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সিপাই আমিনুল তাঁকে আটক করেন। তখন ওই ব্যক্তি পকেট থেকে কিছু টাকা বের করে সিপাই আমিনুলকে দেওয়ার চেষ্টা করেন। এদিকে সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করেন সাংবাদিক পরিচয়দানকারী আনোয়ার। এ নিয়ে আমিনুল ও আনোয়ারের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আমিনুল মুঠোফোনে বিষয়টি ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার নজরুলকে জানান। নজরুল ঘটনাস্থলে গিয়ে আনোয়ারের কাছে তাঁর পরিচয়পত্র দেখতে চান। কিন্তু পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হওয়ায় আনোয়ারের শরীর তল্লাশি করা হয়। তখন তাঁর কোমরে এক বোতল মদ ও এক বোতল ফেনসিডিল পাওয়া যায়। এরপর নজরুল তাঁকে বিজিবি ক্যাম্পে যাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু তিনি তা না করে নজরুলকে আঘাত করেন। পরে ঘটনাস্থল থেকে পালানোর সময় বিজিবি সদস্যরা আনোয়ার (২৬) ও রনি (৩০) নামের দুজনকে আটক করেন।
কর্নেল খলিলুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার স্বীকার করেছেন, তিনি কোনো পত্রিকার সঙ্গে জড়িত নন। হাবিব ও রিয়াজ নামের দুজন সাংবাদিক বিজিবি সদস্যরা টাকা দিয়ে মালামাল পার করছে—এমন একটি ছবি তুলে দেওয়ার জন্য তাঁকে বলেছিলেন। এ জন্য তিনি রনিকে পাচারকারী সাজিয়ে ছবি তুলতে সেখানে গিয়েছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, ময়নাতদন্ত শেষে নজরুলের লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
সাতক্ষীরা ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সূত্র জানায়, ১৯৫৯ সালের ২৫ জানুয়ারি রাজবাড়ীর পাংশা উপজেলার মাগুরাডাংগী গ্রামে জন্মগ্রহণকারী সুবেদার নজরুল ১৯৭৭ সালে ১ মার্চ বিজিবিতে (অধুনালুপ্ত বিডিআর) যোগ দেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তাঁর স্ত্রীর নাম আছিয়া খাতুন।