ভোলা–বরিশাল সীমান্ত
ভোলা অংশের দেড় শ একর জমি দখল
ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চটকিমারা মৌজার কৃষিজমি দখল ও ভরাট করে প্লট বানিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে।
সীমানা পিলার অতিক্রম করে ভোলা জেলার জমি দখলের অভিযোগ উঠেছে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের কয়েকজনের বিরুদ্ধে। ভুক্তভোগীরা বলছেন, দখলকারীরা ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চটকিমারা মৌজার কৃষিজমি দখল ও ভরাট করে প্লট বানিয়ে বিনা দলিলে বিক্রি করছেন। এ কাজের নেতৃত্বে যাঁর নাম উঠে আসছে, তিনি শ্রীপুরের সাখাওয়াত হোসেন ওরফে রুবেল কাজী।
চলতি বছরের জানুয়ারিতে জমির প্রকৃত মালিকেরা (কার্ডধারী) দেড় শ একর জমি দখলের বিষয়ে ভোলা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন। জমির মালিকদের পক্ষে আবেদনপত্রে স্বাক্ষর করেছেন ভেদুরিয়া ইউপির চেয়ারম্যান তাজুল ইসলাম।
অভিযোগপত্র ও জমির কয়েকজন মালিক সূত্রে জানা গেছে, ভোলা-বরিশাল সীমানা বিরোধ নিয়ে ২০০৭ সালে উচ্চ আদালতে মামলা হয়। ২০২০ সালে আদালত স্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন। মামলাটি রায়ের অপেক্ষায় আছে। মামলায় হেরে যাওয়ার ভয়ে নিষেধাজ্ঞা উপেক্ষা করে শ্রীপুরের লোকেরা চটকিমারার জমি দখল করে বিক্রি করে দিচ্ছেন।
সাখাওয়াতের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬-১৭টি মামলা আছে। তাঁর সঙ্গে ইউনিয়ন পরিষদ কিংবা আওয়ামী লীগের সম্পর্ক নেই।হারুন অর রশিদ, চেয়ারম্যান, শ্রীপুর ইউপি
চটকিমারার লোকজন বলছেন, সাখাওয়াত বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে। ভোলার সীমানায় এসে মাইকিং করা হচ্ছে, চটকিমারায় বসবাস করতে হলে শ্রীপুরের ভোটার হতে হবে। সাখাওয়াতের বিরুদ্ধে মামলা থাকলেও তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে না।
চটকিমারার বর্তমান অবস্থা
সরেজমিনে দেখা যায়, ভোলা সদর উপজেলার পশ্চিমে তেঁতুলিয়া নদীর মধ্যে জেগে উঠেছে চর চটকিমারা। এ মৌজাটি ভোলার ভেদুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অংশ। ভেদুরিয়া ব্যাংকেরহাট এলাকা থেকে নৌকা পার হয়ে চটকিমারা খেয়াঘাট। এ ঘাট থেকে চর চটকিমারা (ভোলা)-শ্রীপুর (মেহেন্দিগঞ্জ) সড়কের শুরু। সড়কের দৈর্ঘ্য প্রায় পাঁচ কিলোমিটার। চার কিলোমিটার সড়ক চটকিমারার মধ্যে। শেষ এক কিলোমিটার শ্রীপুরের অংশে। সাখাওয়াতের লোকজন সীমানা পেরিয়ে চটকিমারার এক কিলোমিটারে দখল চালাচ্ছে।
দখলকারীরা ভেকুমেশিন (খননযন্ত্র) দিয়ে কৃষিজমির মধ্যে পুকুর কেটে মাটি দিয়ে চারপাশে উঁচু পাড় বাঁধছেন। তার মাঝখানে নদী থেকে অবৈধভাবে বালু তুলে ভরাট করে বাড়ির ভিটে বানাচ্ছেন। উঁচু ভিটে বেঁধে তার ওপর ঘর তুলে ঘরবাড়ি করছেন।
ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম বলেন, চটকিমারার মানুষকে সরকার জমি বন্দোবস্ত দিয়ে আগুনে ফেলেছে। শ্রীপুরের মানুষের নির্যাতনে তারা দিশেহারা। সাখাওয়াতের অস্ত্রধারী বাহিনী ভোলার প্রায় ২০০ একর জমি দখল করেছে।
দখল করা জমিতে বসবাসকারীদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁরা সবাই শ্রীপুরের নদীভাঙনের শিকার, অনেক অসহায়। মাথা গোঁজার ঠাঁই পেতে সাখাওয়াতের কাছ থেকে ৪০ শতাংশ জমির ভিটে কিনেছেন। এমন আকারের ভিটার জন্য দুই-তিন লাখ টাকা করে নেওয়া হচ্ছে। তবে দলিল দেওয়া হচ্ছে না।
এসব অভিযোগ অস্বীকার করে সাখাওয়াত প্রথম আলোকে বলেন, যে জমি ভোলাবাসী দাবি করছে, সেটি আসলে বরিশালের মহিষমারী মৌজার অংশ। এখানে ভোলা-বরিশালের কোনো সীমানা পিলার নেই। এ কারণে উচ্চ আদালতে মামলা চলছে।
উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পরও কেন সরকারি জমি দখল করছেন, জানতে চাইলে সাখাওয়াত বলেন, আদালতের কোনো নিষেধাজ্ঞা পাননি তিনি। জমি তাঁদেরই দখলে আছে, নতুন করে দখল করা হচ্ছে না। আর মামলা প্রসঙ্গে সাখাওয়াত দাবি করেন, বরিশালের সীমান্তের লোকজন তাঁর বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দিয়েছে। সব মামলায় তিনি জামিনে আছেন।
জমি বিক্রি করেও দলিল দিচ্ছেন না কেন, প্রশ্নটি তুলতেই সাখাওয়াত বলেন, ‘আমার জমি, আমি দলিল দেই বা না দেই, এটা আমার ব্যাপার।’
সাখাওয়াত যে ইউনিয়নের বাসিন্দা সেই শ্রীপুর ইউপির চেয়ারম্যান মো. হারুন অর রশিদ মুঠোফোনে বলেন, সাখাওয়াতের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬-১৭টি মামলা আছে। তাঁর সঙ্গে ইউনিয়ন পরিষদ কিংবা আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। বরিশাল ডিআইজির কাছে অভিযোগ দেওয়ার পরও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না।
ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন বলেন, দুই জেলার সীমানা বিরোধের নিষ্পত্তি হওয়া দরকার। চটকিমারার বিষয়টি জেলার আইনশৃঙ্খলা সভায় উত্থাপন করবেন বলে জানালেন জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন।