ভোলার জলদস্যু বাহিনীর প্রধান মহসিন গ্রেপ্তার
বরিশালে ডাকাতির প্রস্তুতির সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের একজন মো. মহসিন গাজী (৫০) ভোলার জলদস্যু ‘মহসিন বাহিনীর’ প্রধান বলে র্যাব জানিয়েছে। শনিবার র্যাব–৮–এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগের দিন শুক্রবার দিবাগত রাত একটার দিকে বরিশালের বন্দর থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
মহসিন গাজীর সঙ্গে মো. জাকির কাজী ওরফে জাহাঙ্গীরকে (৪৯) গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের তথ্যমতে, জাকির কাজী জলদস্যু বাহিনী প্রধান মহসিনের সহযোগী। দুজনের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার জয়নগর গ্রামে।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিবাগত রাতে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল আগ্নেয়াস্ত্র, দেশি অস্ত্রসহ বন্দর থানার নরকাঠী গ্রামের মেহগনিবাগান এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন বলে খবর পাওয়া যায়। এর ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন ডাকাত দলের সদস্যরা। পরে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজনের কাছ থেকে একটি দোনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, একটি পিস্তল, একটি রামদা, একটি বগি দা, চারটি গুলি, পিস্তলের দুটি গুলি ও ৩ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার মহসিন ও জাকিরের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানিয়েছে, ওই দুজন ও তাঁদের সঙ্গে থাকা পলাতক ব্যক্তিরা সবাই ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে ভোলা, পটুয়াখালী ও বরিশালের বিভিন্ন এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত।
বরিশাল র্যাব-৮–এর উপসহকারী পরিচালক (ডিএডি) সাইফুল ইসলাম জানান, মহসিন গাজীর বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, নারী ও শিশু নির্যাতন, চুরি, মারামারিসহ বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর সহযোগী জাকির কাজীর বিরুদ্ধেও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
মহসিন ও জাকিরের বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র আইনে ও ডাকাতি প্রস্তুতির দুটি আলাদা মামলা দায়ের শেষে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা সাইফুল ইসলাম।