ভোলার ৭ ইউনিয়নে ভোট চলছে, সকালে ভোটার বেশি

ভবানীপুরে ৮ নম্বর ওয়ার্ডে নুরানী মাদ্রাসা কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররাছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান উপজেলার সাতটি ইউনিয়নে আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে এ উপজেলার ৭ ইউনিয়নের ৬৯টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ভোট শুরুর আগেই ব্যাপক উৎসাহ নিয়ে নারী-পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন।

দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বৃদ্ধ নুরুল ইসলাম লাঠিতে ভর করে ভোট দিতে এসেছেন। বয়স বেশি হওয়ায় বাড়ির পাশের ৭ নম্বর ভোটকেন্দ্র দুর্লভপুর সরকারি বিদ্যালয় ভোটকেন্দ্রে লাইনে না দাঁড়িয়ে প্রশাসনের সহায়তায় ভোট দিয়েছেন তিনি।

নুরুল ইসলাম বলেন, ‘হারাসসুম আঙুল দেহাই লোই গেছে। আছিল আজাব আর আজাব। এমুন শান্তির ভোট আর পাইনো।’
ভোলা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দৌলতখানের ৭টি ইউনিয়নে মোট ২৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে চেয়ারম্যান পদে ১৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৫৬ ও সাধারণ সদস্য পদে ১৯৬ জন। এ ৭টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৩৯ জন। পুরুষ ভোটার ৫২ হাজার ২১ ও নারী ভোটার ৪৮ হাজার ১১৮ জন।
ইউনিয়নগুলোর মধ্যে চরখলিফা ইউনিয়নে চেয়ারম্যান পদে একজন প্রার্থী থাকায় সেখানে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না।

ইউনিয়নগুলো হলো মপনপুর, চরপাতা, মেদুয়া, চরখলিফা, ভবানীপুর, দক্ষিণ জয়নগর, উত্তর জয়নগর। এর মধ্যে ছয়টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হলেও চরখলিফা ইউনিয়নে ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে।
ভেলা জেলা নির্বাচন অফিসার মো. আলা উদ্দিন আল মামুন জানান, সাতটি ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল ১০টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনী এলাকায় পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড, বিজিবি ও আনসার এবং ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।