ভোলায় গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ ও শিশু হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার
ভোলার সদর উপজেলায় গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ ও শিশু হত্যা মামলায় আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ নিয়ে এ ঘটনায় গত এক সপ্তাহে মোট পাঁচ আসামিকে গ্রেপ্তার করল পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সালাউদ্দিন। গত এক সপ্তাহে গ্রেপ্তার বাকি চার আসামি হলেন লালমিয়া, ইসমাইল মৃধা, আকবর হোসেন ও জুলহাস। আসামিদের বাড়ি সদর উপজেলার রাজাপুর ও পশ্চিম ইলিশা ইউনিয়নে। মামলার তদন্ত কর্মকর্তা ভোলা সদর মডেল থানার পরিদর্শক মো. আরমান হোসেন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত বছরের ৬ জুলাই সদর উপজেলার এক গৃহবধূকে হাত-পা বেঁধে ধর্ষণ করা হয়। এ সময় দুর্বৃত্তরা ওই গৃহবধূর দুই মাসের মেয়েকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে ভোলা সদর মডেল থানার মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী একজন অটোরিকশাচালক। ঘটনার দুদিন আগে তিনি ৪০ হাজার টাকায় নিজের অটোরিকশা বিক্রি করে ঋণ শোধ করেন। ঘটনার দিন রাতে ওই গৃহবধূ তাঁর দুই মাসের মেয়েকে নিয়ে এক খাটে ঘুমিয়ে ছিলেন। একই ঘরের আরেক খাটে ওই গৃহবধূর স্বামী তাঁদের আরেক মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলেন।
মধ্যরাতে চার থেকে পাঁচজন দুর্বৃত্ত ওই ঘরে ঢুকে অটোরিকশা বিক্রির টাকা দাবি করে। টাকা না পেয়ে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে ১ হাজার ২০০ টাকা ও ওই গৃহবধূর গলা থেকে একটি স্বর্ণের চেইন খুলে নেয়। পরে তারা ওই গৃহবধূর হাত-পা বেঁধে ধর্ষণ করে। এ সময় দুই মাসের শিশু কাঁদতে শুরু করলে দুর্বৃত্তরা ওই শিশুকে শ্বাসরোধে হত্যা করে। পরে দুর্বৃত্তরা সেখান থেকে চলে যাওয়ার সময় ওই শিশুর লাশ পাশের ডোবায় ফেলে যায়।
পুলিশ পরিদর্শক মো. আরমান হোসেন বলেন, আজ মঙ্গলবার সকালে মামলার আসামি সালাউদ্দিনকে আদালতে নেওয়া হয়েছে।