ভোলায় জোয়ারের পানিতে আড়াই লাখ মানুষের ভোগান্তি
৭০ বছরের বৃদ্ধ রুহুল আমিন মিজি। গত ১৭ দিন তিনি ঘরের রান্না খাবার খেতে পারছেন না। তাঁর রান্নাঘর ডুবে গেছে। প্রতিদিন দিনে ও রাতে অস্বাভাবিক জোয়ারে তাঁর ঘর ডুবে যায়। পানি থেকে বাঁচতে খাটের পায়ার নিচে চার-পাঁচটি করে ইট দিয়েছেন। রশি দিয়ে ঝুলিয়ে শক্ত করে বেঁধেছেন চৌকি। এরপরও চৌকির ওপরের বিছানা-কাঁথা ভিজে যাচ্ছে।
রুহুল আমিন মিজির বাড়ি ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে। অস্বাভাবিক জোয়ারে এই ইউনিয়নের ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড প্রতিদিন ডুবে যাচ্ছে।
রুহুল আমিন জানান, জোয়ারের পানিতে তাঁর বীজ ধান, ডাল, খাবার চাল, জ্বালানি, রান্নার চুলা, কাঁথা-বালিশ ভিজে গেছে। তিনি ও তাঁর স্ত্রী ১৭ দিন ঘরে রান্না করতে পারছেন না। আত্মীয়স্বজন ও ছেলের বাসা থেকে খাবার আসছে, সেই খাবার খাচ্ছেন। যে বেলা খাবার না আসে, সে বেলা শুকনো চিড়া-মুড়ি খান, নইলে না খেয়ে থাকেন। জোয়ারবন্দী অবস্থায় তাঁর গরু-ছাগল ভালো নেই। রয়েছে ঘাসের সংকট।
রুহুল আমিনের মতো রাজাপুর ইউনিয়নের পাঁচ হাজার পরিবারের একই অবস্থা। আজ রোববার সরেজমিনে দেখা যায়, অস্বাভাবিক জোয়ারের ঢেউয়ে মাটির রাস্তা ও বাঁধের মাটি ধুয়ে নিয়ে গেছে। ১৯ আগস্ট পূর্ব ইলিশা ইউনিয়নের দালালবাজার এলাকার প্রায় এক কিলোমিটার বাঁধ ভেঙে গেছে। সেই ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে ইউনিয়নের সোনাডুগি, বাঘারহাওলা, ইলিশা, মুরাদসফুল্লা, চরানন্দ গ্রাম প্লাবিত হচ্ছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিঞা সিরাজ বলেন, ‘ইউনিয়নের প্রায় ২৫ হাজার মানুষ জোয়ারে দিনে ও রাতে প্লাবিত হচ্ছে। এসব মানুষ রান্না করতে পারছে না। এদের নিয়মিত শুকনা খাবার দেওয়া উচিত।’
জানা যায়, অস্বাভাবিক জোয়ারে সদর উপজেলার ৭০টি চর ৪ আগস্ট থেকে পাঁচ-সাত হাত পানির নিচে তলিয়ে যাচ্ছে। এই চরগুলো রাজাপুর ইউনিয়নের উত্তর রাজাপুর, পূর্ব ইলিশা নাদরমিয়ার হাট, সোনাডুগি, পশ্চিম ইলিশার পাঙ্গাশিয়া, সদুরচর, ভেলুমিয়া ও ভেদুরিয়া ইউনিয়নের চরচটকিমারা, বাঘমারা, গাজীরচর, চরভেদুরিয়া, কাঁচিয়া ইউনিয়নের মাঝের চর, শিবপুর, নাছিরমাঝি, দৌলতখান উপজেলার মদনপুর, নেয়ামতপুর, মেদুয়া, ভবানীপুর, সৈয়দপুর, হাজিপুর, তজুমদ্দিন উপজেলার মলংচড়া, সোনাপুর, জহিরুদ্দিন, চর মোজাম্মেল, মনপুরা উপজেলার কলাতলি, চরনিজাম, লালমোহন উপজেলার চরকচুয়া, চর শাহজালাল ও চরফ্যাশন উপজেলার ঢালচর, কুকরিমুকরি, মুজিবনগর ইউনিয়নে।
স্থানীয় সূত্র জানায়, এসব চর ও বাঁধের বাইরে এবং বাঁধ ভেঙে পানি ঢুকে প্রায় আড়াই লাখ মানুষ দিনে দুইবার জোয়ারের পানিবন্দী হচ্ছে। রান্না না করতে পেরে অর্ধাহারে-অনাহারে মানবেতর দিন কাটাচ্ছে।
সরেজমিনে আরও দেখা যায়, অস্বাভাবিক জোয়ারের ঢেউয়ে উত্তর রাজাপুর গ্রামের মো. জসিম, আবু ছিদ্দিক, আমির হোসেন মুন্সি, অজিউদ্দিন, হাসান মাঝি, আনিফ মাঝির মাটির ঘরের ভিটা ভেঙে গেছে। ঘরের টিনের বেড়া খুলে গেছে। এসব এলাকায় মানুষের ঘরের কোনো রাস্তাঘাট নেই। মনে হয় নদীর মধ্যে ঘর।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, আজ রোববার দিনে জোয়ারের উচ্চতা ছিল ৩ দশমিক ৯৫ মিটার। ৪ ও ১৮ আগস্ট জোয়ারের উচ্চতা ছিল সাড়ে ৪ মিটারের বেশি। ৩ মিটারের বেশি উচ্চতার জোয়ার হলেই পানি বিপৎসীমার ওপর দিয়ে যায়।
পাউবোর ভোলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান জানান, পূর্ব ইলিশার মেঘনার তীরে প্রায় ৪৫ মিটার বাঁধ ভেঙে গেছে। এর দুই পাশে আরও ১০০-১২০ মিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই এলাকা নিয়মিত প্লাবিত হচ্ছে। তবে পাউবো জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কার করে পানি ওঠা বন্ধের চেষ্টা করছে।
এ বিষয়ে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, অস্বাভাবিক জোয়ারে ভোলার সাত উপজেলায় ১৩০ মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে। আর ভোলা সদরে ৪ হাজার ৫০০ প্যাকেট শুকনা খাবার বরাদ্দ করা হয়েছে। এসব শুকনা খাবার এখন বিতরণ করা হচ্ছে।