ভোলায় মা ইলিশ ধরার অভিযোগে ৪৪ জেলে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত) ৪৪ জেলেকে আটক করা হয়েছে। ভোলার সাত উপজেলা প্রশাসন মেঘনা-তেঁতুলিয়া নদী ও সাগর মোহনায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ ধরার অপরাধে এসব জেলেকে আটক করে। এ সময় জেলেদের কাছ থেকে পাওয়া বিপুল পরিমাণ জাল, নৌকা, মাছ জব্দ করা হয়।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, মা ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিন (৪-২৫ অক্টোবর) বাংলাদেশের ৩৮টি নদীতে ইলিশ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার মেঘনা, তেঁতুলিয়া, ইলিশা ও সাগর মোহনায় বিভিন্ন উপজেলার জেলেরা নদীতে মাছ ধরতে নেমেছেন। এ কারণে গত ২৪ ঘণ্টায় ওই ৪৪ জেলেকে আটক করা হয়েছে। ওই ৪৪ জেলের মধ্যে ১৩ জনকে ৮৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ৪৪ হাজার ৫০০ মিটার জাল, ২ মণ ইলিশ, ৫টি নৌকা জব্দ করা হয়।

মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, গত ৭ দিনে (৪-১১ অক্টোবর) অভিযান হয়েছে ১৪৯টি। ৮০টি ভ্রাম্যমাণ আদালত বসেছেন। ৫২টি মামলা হয়েছে। ৪ লাখ ২৯৫ টাকা জরিমানা এবং ৩০ জনের বিভিন্ন মেয়াদে জেল হয়েছে।