ভোলায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবিতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
ভোলায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ জেলে আল-আমিনের লাশ তিন দিন পর গতকাল বুধবার মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
রোববার সন্ধ্যার দিকে ভোলার তজুমদ্দিন উপজেলার চৌমহনী লঞ্চঘাটের কাছে মেঘনা নদীতে ঢাকা-জাহাজমারা (হাতিয়া) নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ এমভি ফারহান-৪–এর ধাক্কায় নুরুন্নবী মাঝির জেলে ট্রলার ডুবে যায়। ওই ট্রলারে ছয়জন জেলে ছিলেন। পাঁচজনকে স্থানীয় জেলেরা উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই সময় থেকে আল-আমিন (১৯) নিখোঁজ ছিলেন। গতকাল বিকেলে তাঁর লাশ উদ্ধার করে কোস্টগার্ড। পরে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে তজুমদ্দিন কোস্টগার্ড ক্যাম্পের কর্মকর্তা মো. আসাদ জানান।
কোস্টগার্ড জানায়, আল-আমিনের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের চকঢোষ গ্রামে। তিনি তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের বালিয়াকান্দিতে নানার বাড়িতে থাকতেন। ডুবে যাওয়া ট্রলারের মালিক ও বাকি জেলেদের বাড়ি বালিয়াকান্দিতেই।
তজুমদ্দিন থানার পরিদর্শক এনায়েত হোসেন বলেন, ট্রলারের মালিকপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। এ ঘটনায় আল-আমিনের বাবা লোকমান হোসেন মামলার প্রস্তুতি নিচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা বলেন, নিহত ব্যক্তির পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা দেওয়া হবে। পরবর্তী সময়ে মৎস্য বিভাগ থেকেও কিছু অনুদান দেওয়ার ব্যবস্থা করা হবে।
ফারহান-৪ লঞ্চের ব্যবস্থাপক মো. ফারুক মিয়া বলেন, মেঘনা নদীতে লঞ্চ চলাচলের নির্ধারিত একটি চ্যানেল দরকার। রাতে লঞ্চ চালানোর জন্য দরকার বয়া ও বাতি। মেঘনা নদীতে লঞ্চ চলাচলের নির্ধারিত কোনো চ্যানেল নেই। লঞ্চ চলাচলের স্থানে জেলেরা মাছ ধরছেন। ফলে দুর্ঘটনা ঘটছে।
এ বিষয়ে ভোলা নদীবন্দরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, মেঘনা নদীতে ঢাকা-চট্টগ্রাম নৌপথে নির্ধারিত চ্যানেল, বয়া ও বাতি আছে কি না, তা তাঁর জানা নেই।
ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, নৌ চলাচলে সুবিধার জন্য মেঘনা নদীতে নির্ধারিত নৌপথ বা চ্যানেল তৈরি, বয়াবাতি ও মার্কাবাতি বসানো, দুর্ঘটনাকবলিত জেলে ট্রলার ও হতাহত জেলেদের ক্ষতিপূরণ আদায়ে তজুমদ্দিনের ইউএনওকে একটি তদন্ত প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।