ভ্যানকে ধাক্কা দিয়ে ট্রেন বিকল, দেড় ঘণ্টা চলাচল ব্যাহত
আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি আজ শনিবার টাঙ্গাইলে একটি ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেয়। এতে ট্রেনটির হোস পাইপ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও দুর্ঘটনাস্থলে ট্রেনটি বিকল হয়ে পড়ে।
ফলে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-বঙ্গবন্ধু সেতু রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। পাইপটি মেরামত করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
টাঙ্গাইল রেলওয়ের স্টেশনমাস্টার সোহেল খান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি বেলা সোয়া ১১টায় টাঙ্গাইল সদর উপজেলার নামদারকুমুল্লি গ্রামে একটি ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেয়। এতে ট্রেনটির হোস পাইপ (বাতাস প্রবেশের পাইপ) ছিঁড়ে যায়। ফলে ট্রেনটি দুর্ঘটনাস্থলে থেমে যায়। এতে ঢাকা-বঙ্গবন্ধু সেতু পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ফলে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তনগর সিল্কসিটি এক্সপ্রেস টাঙ্গাইল স্টেশনে এবং ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস মির্জাপুরের মহেড়া স্টেশনে আটকা পড়ে। দুপুর সাড়ে ১২টায় রংপুর এক্সপ্রেসের হোস পাইপ মেরামত করার পর তা রংপুরের দিকে যাত্রা করে।