ভ্যানচালক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যুদণ্ড
প্রতীকী

খুলনায় ভ্যানচালক ইমরান হোসেন হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মামলার অন্য ধারায় একই সঙ্গে তাঁকে দুই বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান চৌধুরী এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন আমীর আলী মীর। তাঁর বাড়ি তেরখাদা উপজেলার বারাসাত গ্রামে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, নিহত ইমরান হোসেনের বাড়ি রূপসা উপজেলার শ্রিফলতলা গ্রামে। তাঁর শ্যালিকার সঙ্গে আমীর আলীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এতে বাধা দিচ্ছিলেন ইমরান। এ কারণে তাঁকে হত্যা করা হয়েছে বলে মামলার এজাহারে বলা হয়।

আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন ইমরান। রাতে আর বাড়ি ফিরে আসেননি তিনি। পরদিন ভোরে নন্দনপুর গ্রামের একটি বাগান থেকে তাঁর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় ইমরান হোসেনের বাবা মো. ইউসুফ সরদার বাদী হয়ে রূপসা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। মামলাটি তদন্ত করতে গিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে আমীর আলীর সংশ্লিষ্টতা পান তদন্ত কর্মকর্তা রূপসা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুর রহমান। মামলায় ৩২ সাক্ষীর মধ্যে ২৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। একই বছরের ২ জুলাই হত্যাকাণ্ডে জড়িত আমীর আলীর নাম অন্তর্ভুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তিনি।