ভ্যানের চাকায় পৃষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ভ্যানের চাকায় পৃষ্ট হয়ে এক মেয়েশিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার চণ্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুর নাম মুনিয়া আক্তার (৮)। সে উপজেলার চণ্ডিপুর গ্রামের মনির হোসেনের মেয়ে। সে ২ নম্বর উত্তর চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়াশোনা করত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে মুনিয়া বাড়ির সামনের রাস্তার পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা দিয়ে মহিষ আসতে দেখে মুনিয়া রাস্তা পার হওয়ার জন্য দৌড়ে দেয়। এ সময় একটি ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক করা হয়েছে ভ্যানচালক জাকারিয়াকে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।