ভ্রমণপিপাসুদের সহায়তায় রক্ষা পেল হট্টিটি পাখির ছানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্যটকদের সহায়তায় রক্ষা পাওয়া হট্টিটি পাখির ছানা
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ চায়না ড্রাগন জালে আটকা পড়ে ছটফট করছিল একটি হট্টিটি পাখির ছানা। পাশেই ওড়াউড়ি ও করুণ সুরে ডাকাডাকি করছিল ছানাটির মা–বাবা। এমন অবস্থায় ত্রাতা হয়ে এলেন একদল পর্যটক। তাঁদের সহায়তায় জাল থেকে ছাড়া পেয়ে মা–বাবার কাছে ফিরে গেল ছানাটি। গতকাল শনিবার দুপুরে ঘটনাটি ঘটে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদে। এদিন নদের উৎসমুখ দেখার জন্য ঢাকা থেকে ঘুরতে আসে ভ্রমণপিপাসু দলটি।

ওই পর্যটক দলের একজন মো. হাসান। তিনিই প্রথম দেখতে পান নদের উৎসমুখের কাছে দুটি হট্টিটি পাখি আকাশে চক্কর দিচ্ছে। তাদের করুণ সুরে ডাকাডাকি শুনতে পান। পাখিদের ছোটাছুটি ও ডাক শুনে তিনি অনুমান করেন, কাছেই কোথাও কোনো হট্টিটি পাখি বিপদে পড়েছে। বিপদে পড়া পাখি বাঁচাতে অন্য পাখিরা ওড়াউড়ি ও ডাকাডাকি করছে। কিছু দূর এগিয়ে তিনি দেখতে পান মাছ ধারার জন্য জেলেদের পেতে রাখা চায়না ড্রাগন জালে একটি হট্টিটি পাখির ছানা আটকা পড়েছে। নদ থেকে জাল তুলে তাঁরা ছানাটিকে মুক্ত করে ছেড়ে দেন। পরে তাঁরা অবৈধ চায়না ড্রাগন জাল আগুনে পুড়িয়ে দেন।

এ প্রসঙ্গে হাসান বলেন, আকাশে পাখিদের চক্কর দেওয়া ও ডাকাডাকির ধরন দেখে সন্দেহ হয়, আশপাশে কোথাও পাখি বিপদে পড়েছে। পরে ছানাটি জাল থেকে মুক্ত করে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়ার পর এক পা, দুপা করে এগিয়ে দৌড়ে মাসহ অন্য সঙ্গীদের কাছে চলে যায়।

তিনি আরও বলেন, ‘মূলত আমরা ১৭ জনের একটি নদীপ্রেমী দল। কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া নদ–নদীগুলো দেখতে আসি। শুক্রবার সকালে কুড়িগ্রাম যাত্রাপুর থেকে একটি নৌকায় উঠে যাত্রা শুরু করি। শনিবার ওই চরে যেয়ে পৌঁছাই। এখানকার নদ–নদীতে প্রচুর পরিযায়ী ও বিলুপ্তপ্রায় পাখি দেখলাম।’

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পরিবেশবাদী তুহিন ওয়াদুদ বলেন, অতীতে হট্টিটি পাখি গ্রামে ও নদীর চরে প্রচুর দেখা যেত। জলাধারের আশপাশে, চর এলাকায় জোড়ায় জোড়ায় অথবা ছোট ছোট দলে এদের দেখতে পাওয়া যেত। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) প্রজাতিটি ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। হট্টিটির বৈজ্ঞানিক নাম ভেনিলাস ইন্ডিকাস। এই পাখি ছোট মাছ, ঘাসের ওপরে থাকা ছোট ছোট পোকামাকড়, কীটপতঙ্গ, ছোট ব্যাঙ–ব্যাঙাচি ও কেঁচো খেয়ে থাকে।