ভয় দেখিয়ে সহকর্মী তরুণীকে ধর্ষণ, তরুণ আটক
নরসিংদীতে একটি রেস্টুরেন্টে ১৯ বছর বয়সী এক তরুণী সহকর্মীকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদী মডেল থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওই তরুণী। পরে অভিযুক্ত তরুণকে আটক করেছে পুলিশ।
আটক তরুণের নাম আশরাফুল আলম (২৫)। তাঁর বাড়ি নরসিংদী শহরের নাগরিয়াকান্দি এলাকায়।
লিখিত অভিযোগে তরুণী বলেন, একই রেস্টুরেন্টে তিনি ও আশরাফুল আলম কাজ করেন। আশরাফুল বিভিন্ন সময় তাঁকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় ভয়ভীতি দেখিয়ে আসছিলেন আশরাফুল। ১৫ জুন রাত সাড়ে নয়টার দিকে কাজের ক্লান্তি কাটাতে রেস্টুরেন্টের ভেতরের বেকারি কক্ষে বিশ্রাম করার জন্য গিয়েছিলেন তিনি (তরুণী)। এ সময় আশরাফুলও সেখানে গিয়ে তাঁকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এর পর থেকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে তাঁকে ধর্ষণ করেন আশরাফুল। সর্বশেষ ১৮ জুন সকাল সাড়ে ১০টায় নরসিংদী বাজারে হোটেল রিভারভিউতে নিয়ে ভয় দেখিয়ে তাঁকে আবার ধর্ষণ করেন তিনি। এসব নির্যাতনের মাত্রা বাড়তে থাকায় তরুণী ঘটনাটি তাঁর অভিভাবকদের জানান। পরে তাঁদের পরামর্শে নরসিংদী মডেল থানায় এসে লিখিত অভিযোগ করেন তিনি।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ তালুকদার বলেন, ওই তরুণীর কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত আশরাফুল আলমকে আটক করা হয়েছে। ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা রুজু করার পর আটক আশরাফুল আলমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।