‘ভয়ে রাতি ঘুমাতি পারি না’
নদীর ভাঙনের দিকে তাকালে শিউরে ওঠেন অশীতিপর ললিত সাহা। জীবনের প্রান্তে এসে গৃহহীন হয়ে যাওয়ার ভয় কাজ করে তাঁর। এই প্রতিবেদককে দেখে সেই আবেগই প্রকাশ করলেন।
কালিয়া উপজেলার পাচগ্রাম ইউনিয়নের পিড়লীস্থান গ্রামের বৃদ্ধ ললিত সাহা (৮০) বলেন, ‘আমি গরিব মানুষ। আমার বাড়িঘর নাই। আমাগে থাহার জন্যি সরকার নদীর এই তিন মাথায় একটা ঘর করে দেছে। নদীর জলে এহন মেলা বেগ (স্রোত)। ঘরডা কি জলেই চলে যায়! ভয়ে রাতি ঘুমাতি পারি না।’
গ্রামবাসী জানান, পিড়লীস্থান এলাকার আত্রাই নদ এবং চিত্রা নদীর সংযোগস্থলে নদীভাঙন অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ২৫টি বসতবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে পিড়লীস্থান খেয়াঘাটসহ ৫০টি পরিবার।
সরেজমিন দেখা গেছে, কালিয়া উপজেলার পাচগ্রাম ইউনিয়নের পিড়লীস্থান গ্রামটি চিত্রা নদী এবং আত্রাই নদের সংযোগস্থলে অবস্থিত। স্থানীয় লোকজন জানান, পিড়লী ইউনিয়নের প্রয়াত দানবীর ফাজেল আহম্মেদ মোল্লা প্রায় ১০০ বছর আগে নদীর ত্রিমোহনী এলাকায় ১৫০ ঘর ঋষি পরিবারকে বসবাসের জন্য প্রায় এক একর জমি দান করেন। এখন ওই এলাকা ‘ঋষিপল্লি’ নামে পরিচিত। কয়েক দিন ধরে নদীর স্রোত বৃদ্ধি পাওয়ায় ত্রিমোহনী এলাকায় ভাঙন দেখা দিয়েছে।
নদীর এই ভাঙনরোধ এবং ভাঙন থেকে রক্ষার দাবি নিয়ে আজ সোমবার বেলা ১১টায় এলাকার মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। নদীর ভাঙন রোধে গ্রামবাসীকে রক্ষার দাবিতে আয়োজিত মানববন্ধনে ললিত সাহাও যোগ দিয়েছিলেন।
মানববন্ধনে বক্তব্য দেন পাচগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জহুরুল হক, ইউপি সদস্য বৈদ্যনাথ ঘোষ, আনন্দ দাস, সুমি দাস, কল্পনা সাহা প্রমুখ। বক্তারা এই পরিবারগুলোকে রক্ষা করতে নদীর ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
গ্রামের বাসিন্দা সুমি দাস বলেন, ‘নদীতে জুয়ার আসলি উঠানে জল ওঠে। ভাটা লাগলি জল কুমার সময় ঘরের পিছন থেকে একটু একটু ভাঙ্গে যাচ্ছে। আপনারা আমাগে বাঁচান।’
পাচগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. জহুরুল হক বলেন, দুটি নদীর সংযোগস্থল হওয়ায় জায়গাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নদীর স্রোত বেড়েছে। নদীর কিনার ভাঙতে শুরু করেছে। এলাকাবাসী জানিয়েছেন, ২৫টি পরিবারের বসতঘর নদীতে বিলীন হয়ে গেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হুদা বলেন, ‘পিড়লীস্থানে নদীভাঙনের বিষয়টি ইউপি চেয়ারম্যানের কাছ থেকে শুনেছি। ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।