ভয়ের কারণ নেই, সরকারকে মির্জা আব্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণার চারদিন পর কোনো অনুষ্ঠানে বক্তব্যে রাখছেন মির্জা আব্বাস। ছবি: ফোকাস বাংলা
ঢাকা মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণার চারদিন পর কোনো অনুষ্ঠানে বক্তব্যে রাখছেন মির্জা আব্বাস। ছবি: ফোকাস বাংলা

বিএনপির ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস সরকারকে আশ্বস্ত করে বলেছেন, ‘ভয়ের কোনো কারণ নেই। আমাদের আন্দোলন অহিংস হবে। দয়া করে আন্দোলন নস্যাত্ করতে সহিংস বাহিনী লেলিয়ে দেবেন না।’
আজ মঙ্গলবার রাজধানীর লেডিস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার পুনর্মিলনী ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এ কথা বলেন।
গত শুক্রবার মির্জা আব্বাসকে ঢাকা মহানগর কমিটি আহ্বায়ক ঘোষণার পর আজ প্রথমবারের মতো নেতা-কর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ ঘটল। মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়ার আন্দোলনের কর্মসূচি ঘোষণা, নতুন মহানগর কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের মধ্যে অস্বস্তি শুরু হয়েছে।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় বিএনপির হাত থাকতে পারে, আওয়ামী লীগের সাংসদ হাছান মাহমুদের এমন বক্তব্যের জবাবে মির্জা আব্বাস বলেন, বিএনপির সঙ্গে নয়, আওয়ামী লীগের সঙ্গে পরোক্ষভাবে ইসরায়েলের সম্পর্ক আছে। তিনি বলেন, ‘ভারতের তত্কালীন কংগ্রেস সরকারের সঙ্গে ইসরায়েল একটি চুক্তি করেছিল। সেই কংগ্রেস সরকারের সহায়তায় আওয়ামী লীগ ক্ষমতায় আছে। তাই বলা যায়, আ.লীগের সঙ্গে ইসরায়েলের চুক্তি আছে, বিএনপির সঙ্গে নয়।’

পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের ঢাকা মেডিকেল কলেজ শাখার সভাপতি এ কে এম মহিউদ্দিন ভূইয়া। বক্তব্য দেন ড্যাবের সভাপতি এ কে এম আজিজুল হক, বিএনপির নেতা আবুল খায়ের ভূইয়া প্রমুখ।