মওদুদ আহমদের মৃত্যু স্বাভাবিক নয়: আমীর খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির প্রয়াত নেতা মওদুদ আহমদের মৃত্যু স্বাভাবিক মৃত্যু ছিল না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘মওদুদ ভাইয়ের মৃত্যু খুবই দুঃখজনক। অনেক অসমাপ্ত কাজ উনি রেখে গেছেন। গণতন্ত্রের মাকে মুক্ত করা, তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে নেতৃত্বের শীর্ষস্থানে আনা, এই কাজগুলো শেষ করতে পারেননি মওদুদ ভাই। এগুলো করতে গিয়ে উনি এই ফ্যাসিস্ট সরকারের অনেক নির্যাতনের শিকার হয়েছেন। ওনার মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়। ওনাকে বিভিন্নভাবে লাঞ্ছিত করা হয়েছে।’
আজ বুধবার বিকেলে মওদুদ আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট উপজেলায় আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, ‘মওদুদ ভাইকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু মওদুদ ভাই অব্যাহতভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে লিপ্ত ছিলেন। অনেক রাজনীতিবিদ সংগত-অসংগত কারণে সাংবাদিকদের সঙ্গে কথা বলতেন না, কথা বললে যদি বিপদ হয়। কিন্তু মওদুদ ভাই সব সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতেন।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অনেক রাজনীতিবিদ সংগত-অসংগত কারণে সাংবাদিকদের সঙ্গে কথা বলতেন না, কথা বললে যদি বিপদ হয়। কিন্তু মওদুদ ভাই সব সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতেন।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘আমাদের ছেলেগুলো আজকে কঠিন পরীক্ষার মধ্যে জ্বলেপুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। জেল খেটেছে, মামলা খেয়েছে, খুন-গুমের শিকার হয়েছে। কিন্তু একটা ব্যক্তি সামান্যমাত্র হেলে নাই। সবাই যার যার জায়গায় কঠিন থেকে কঠিনতর অবস্থার দিকে যাচ্ছে। তারা জ্বলেপুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। এই খাঁটি সোনাকে কেউ কিছু করতে পারবে না, আমরা জয়ী হব।’
কবিরহাট মডেল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহিম। জ্যেষ্ঠ সহসভাপতি নাজমুল হুদার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা জসীমউদ্দীন মওদুদ, কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য গোলাম মৌমিত, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মোশারফ হোসেন প্রমুখ।