মজুরি না পেয়ে কষ্টে আছেন শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট জেলার মানচিত্র

জয়পুরহাটের তিনটি উপজেলায় ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচির শ্রমিকেরা মজুরি পাচ্ছেন না। কাজ শুরুর পর থেকে প্রতি সপ্তাহে মজুরি দেওয়ার নিয়ম থাকলেও প্রায় এক মাস ধরে তাঁরা মজুরির টাকা পাচ্ছেন না। মজুরি না পেয়ে তাঁরা পরিবারের সদস্যদের নিয়ে ভীষণ কষ্টে দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে জয়পুরহাট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল করিম প্রথম আলোকে বলেন, এবার সরকার থেকে উপকারভোগী (জিটুপি) কর্মসূচির আওতায় ডিজিটাল পদ্ধতিতে সরাসরি শ্রমিকদের বিকাশ, রকেট ও নগদ অ্যাকাউন্টে পরিশোধ করা হবে। এ কারণে শ্রমিকদের মুঠোফোন নম্বর ও জাতীয় পরিচয়পত্র মিলিয়ে দেখা হচ্ছে। এ কারণে শ্রমিকদের মজুরি পেতে বিলম্ব হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে তাঁরা টাকা পেয়ে যাবেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে জয়পুরহাট জেলার আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল উপজেলায় অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচি চালু হয়েছে। এ ৩ উপজেলায় মোট ৫৭টি প্রকল্পে ১ হাজার ১৯৭ শ্রমিক রয়েছেন। এর মধ্যে আক্কেলপুর উপজেলার ১৭টি প্রকল্পে ৩৬০, কালাই উপজেলার ১৫টি প্রকল্পে ৪০৫ ও ক্ষেতলাল উপজেলার ২৫টি প্রকল্পে ৪৩২ শ্রমিক কাজ করছেন। কোথাও ২, কোথাও ৩ জানুয়ারি থেকে এসব প্রকল্পের কাজ শুরু হয়েছে।

কর্মসংস্থান কর্মসূচির প্রকল্পের কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে কর্মসংস্থান কর্মসূচির শ্রমিকেরা শনিবার থেকে বুধবার কাজ করেন। একজন শ্রমিক প্রতিদিন ৪০০ টাকা মজুরি পান। প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে এজেন্ট ব্যাংকিয়ের মাধ্যমে তাঁরা মজুরির টাকা পেয়ে যেতেন। এবার কাজ শুরুর প্রায় এক মাস হতে চলছে, কিন্তু এখনো তাঁরা মজুরির টাকা পাননি। মুঠোফোনের মাধ্যমে মজুরি দেওয়ার কথা বলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে শ্রমিকদের কাছ থেকে মুঠোফোন নম্বর নেওয়া হয়েছে। এখনো তাঁরা কেউ মুঠোফোনে মজুরির টাকা পাননি।
ক্ষেতলাল উপজেলার আলীপুর গ্রামের শ্রমিক গোলাম রব্বানী বলেন, ‘আমরা গরিব মানুষ। সপ্তাহের শেষে মজুরি পেতাম। এখনো মজুরির টাকা পাইনি। এ কারণে কষ্ট করে সংসার চালাতে হচ্ছে।’

প্রতি সপ্তাহে মজুরির টাকার পাওয়া কথা। অথচ ২৮ দিন হয়েছে, এখনো কোনো শ্রমিকই টাকা পাননি। মুঠোফোনে টাকা দেবে। এ কারণে সময় লাগছে
আফজাল হোসেন, শ্রমিক সর্দার, রায়কালী, আক্কেলপুর, জয়পুরহাট

আক্কেলপুর উপজেলার রায়কালীর শ্রমিক সর্দার আফজাল হোসেন বলেন, ‘প্রতি সপ্তাহে মজুরির টাকার পাওয়া কথা। অথচ ২৮ দিন হয়েছে, এখনো কোনো শ্রমিকই টাকা পাননি। মুঠোফোনে টাকা দেবে। এ কারণে সময় লাগছে।’

এ বিষয়ে ক্ষেতলালের আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার বলেন, ‘আমার ইউনিয়নে কর্মসংস্থান কর্মসূচির শ্রমিক রয়েছেন। শ্রমিকেরা আগে প্রতি সপ্তাহে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে মজুরির টাকা পাচ্ছিলেন। এবার জিটুপি প্রোগামের মাধ্যমে শ্রমিকেরা মজুরির টাকা পাবেন। টাকা পেতে দেরি হওয়ায় অনেক শ্রমিক আমাদের কাছে এসে তাঁদের সমস্যার কথা জানাচ্ছেন।’