মঞ্জু ও মনিকে বাদ রেখে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি, মিশ্র প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগর ও জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। কমিটিতে খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে বাদ দেওয়া হয়েছে। মহানগর বিএনপির নতুন আহ্বায়ক করা হয়েছে আগের জেলা কমিটির সভাপতি শফিকুল আলমকে এবং জেলার নতুন আহ্বায়ক হয়েছেন আগের সাধারণ সম্পাদক আমির এজাজ খান।
আজ বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। ঘোষিত কমিটিতে তিনজন করে সদস্য রাখা হয়েছে। কমিটি ঘোষণার পর থেকে খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। নজরুল ইসলামের অনুসারীরা নীরব থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন তাঁদের বিরোধীরা। নতুন কমিটিকে অভিনন্দন জানাচ্ছেন তাঁরা।

খুলনা মহানগর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলামকে। আর সদস্যসচিব হয়েছেন নগর ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শফিকুল আলম তুহিন। অন্যদিকে জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক করা হয়েছে জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আবু হোসেনকে আর সদস্যসচিব হয়েছেন প্রথম সাংগঠনিক সম্পাদক মনিরুল হাসান। তাঁদের মধ্যে তরিকুল ইসলাম ছাড়া অন্যরা দীর্ঘদিন ধরেই বিএনপির কর্মসূচিতে সক্রিয় আছেন।

এদিকে মহানগর বিএনপি থেকে নজরুল ইসলামকে বাদ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর অনুসারীরা। তাঁরা কমিটি পুনর্গঠনের দাবি জানিয়েছেন। নতুন ঘোষিত কমিটির বিষয়ে কথা বলার জন্য নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তা বন্ধ পাওয়া গেছে। তবে তাঁর অনুসারী হিসেবে পরিচিত সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বলেন, ‘আমরা অবাক, বিস্মিত ও হতভম্ব। খুলনায় বিএনপির আন্দোলন–সংগ্রাম, সফলতা-ব্যর্থতা যা হয়েছে, নজরুল ইসলামের হাত ধরেই হয়েছে। এখন দল ও তিনি যা বলবেন, সেভাবে পরবর্তী করণীয় নির্ধারণ করব।’

কমিটি ঘোষণার পর শফিকুল আলম তুহিন প্রথম আলোকে বলেন, দল যে প্রত্যাশা নিয়ে দায়িত্বে দিয়েছে, তাঁদের এখন চাওয়া সেই প্রত্যাশা পূরণ করা। নেতা-কর্মীদের নিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়া হবে। নেতা-কর্মীদের নতুন করে উজ্জ্বীবিত করা হবে। এ ক্ষেত্রে আগের কমিটির সবাইকে অন্তর্ভুক্ত করা হবে। দলে কোনো গ্রুপিং বা দ্বন্দ্ব থাকবে না বলে মনে করেন তিনি।