মঠবাড়িয়ায় অর্ধশত ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কারের অভাবে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার অর্ধশত প্রাথমিক বিদ্যালয়ের ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ওই ভবনগুলোতেই চলছে কয়েক হাজার শিশু শিক্ষার্থীর পাঠদান। 
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এক মাস আগে প্রাথমিকভাবে ২৬টি বিদ্যালয় ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই তালিকায় আছে উপজেলার পশ্চিম লক্ষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাখালী বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব সেনের টিকিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘটিচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বকসির ঘটিচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় হারজী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ-পূর্ব বাদুরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাদুরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ সাপলেজা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমিরমারা বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঁকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমুরবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেঁতুলবাড়িয়া সম্মেলনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলঝুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য ছোটমাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মকুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বান্ধবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম সাপলেজা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাদুরতলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর-পূর্ব মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নব্বইয়ের দশকের শুরুতে বিদ্যালয়ের ভবনগুলো নির্মাণ করে। নির্মাণে ত্রুটি ও ঠিকমতো মেরামত না করায় ২০-২৫ বছরের মধ্যে ভবনগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। ২০১৩ সালে উপজেলা শিক্ষা কর্মকর্তা অধিক ঝুঁকিপূর্ণ সাতটি বিদ্যালয়সহ মোট ৫৮টি ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগে পাঠিয়েছিলেন। ওই তালিকার বিদ্যালয়গুলোকে সংস্কার বা নতুন ভবন নির্মাণের সুপারিশ করা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।
পশ্চিম লক্ষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কান্তি হালদার বলেন, বিকল্প কোনো জায়গা না থাকায় বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে কয়েক বছর ধরে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। দুই মাস আগে ছাদের পলেস্তারা খসে পড়ে দ্বিতীয় শ্রেণির কয়েকজন শিক্ষার্থী আহত হয়।
দক্ষিণ সাপলেজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খানম জানান, দুই বছর ধরে বিদ্যালয়ের ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ে। ছাদ চুইয়ে পানি পড়ায় বর্ষায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য নূরজাহান বেগমের বাড়িতে শিক্ষার্থীদের পাঠদান করা হয়েছে। সেখানে স্থান সংকুলান না হওয়ার ঝুঁকিপূর্ণ ভবনে বর্তমানে পাঠদান করছি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা এ আর এম মিজানুর রহমান বলেন, উপজেলার অর্ধশত বিদ্যালয় ভবন সংস্কার করা প্রয়োজন। এর আগে বিদ্যালয়ের তালিকা করে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।
উপজেলা প্রকৌশলী আবদুল মান্নান বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ বা সংস্কারের তালিকা পাঠাবে। আমরা ওই পাঠানো তালিকা বাস্তবায়ন করব।