মঠবাড়িয়ায় মা ও মেয়েকে তাড়িয়ে দিয়ে বসতবাড়ি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন লিমা আক্তার। মঙ্গলবার দুপুরে পিরোজপুরের মঠবাড়িয়া প্রেসক্লাবে
প্রথম আলো

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক বিধবা নারী ও তাঁর মেয়েকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দেবর ও ননদের বিরুদ্ধে এ অভিযোগ করে প্রতিকার চান রিমা বেগম নামের ওই নারী ও তাঁর মেয়ে লিমা আক্তার। রিমা বেগম উপজেলার গিলাবাদ গ্রামের মৃত দুলাল মিয়ার স্ত্রী।

লিখিত বক্তব্যে লিমা আক্তার অভিযোগ করেন, ২০১৭ সালের ৩ জুন তাঁর বাবা দুলাল মিয়া সৌদি আরবে কর্মরত থাকা অবস্থায় মারা যান। এর পর থেকে তাঁর চাচা নজরুল ইসলাম ও ফুফু শিউলী বেগম তাঁর বাবার জমি ও বসতবাড়ি আত্মসাতের পাঁয়তারা শুরু করেন। একপর্যায়ে তাঁর মা রিমা বেগমের নামে ভুয়া তালাকনামা তৈরি করে তাঁর ওপর নির্যাতন চালাতে শুরু করেন। ২০১৭ সালের ৪ নভেম্বর নজরুল ইসলাম ও শিউলী বেগম মিলে লিমা আক্তার ও তাঁর মা রিমা বেগমকে বাড়ি থেকে বের করে দেন। এর দুই বছর পর প্রশাসন ও স্থানীয় লোকজনের সহযোগিতায় মা ও মেয়েকে বসতবাড়িতে তুলে দেওয়া হয়। স্বামীর বাড়িতে ওঠার পর থেকে শ্বশুরপক্ষের লোকজনের মানসিক নির্যাতনে রিমা বেগম মেয়েকে নিয়ে স্বামীর বাড়ি ছাড়তে বাধ্য হন। এরপর থেকে দেড় বছর ধরে মা ও মেয়ে বাড়িছাড়া। বর্তমানে রিমা বেগম বাবার বাড়িতে মেয়েকে নিয়ে বসবাস করছেন।

মঠবাড়িয়া থানার ওসি মো. নূরুল ইসলাম বলেন, থানা-পুলিশে অভিযোগ পেয়ে একবার মা ও মেয়েকে তাঁদের বসতঘরে তুলে দিয়েছিলেন।

উপজেলার দাউদখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. ফজলুল হক খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মা ও মেয়েকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন নজরুল ইসলাম।

নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, পৈতৃক জমিজমার বিষয়ে তিনি আদালতে একটি বণ্টন মামলা করেছেন। ওই মামলায় মা ও মেয়ে হাজিরা না দিয়ে বিভিন্ন স্থানে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম বলেন, থানা-পুলিশে অভিযোগ পেয়ে একবার মা ও মেয়েকে তাঁদের বসতঘরে তুলে দিয়েছিলেন। এরপর তাঁদের উচ্ছেদ ও হয়রানির বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।