মঠবাড়িয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি মেয়েশিশুকে (৫) ধর্ষণচেষ্টার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার একটি বাজার থেকে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তরুণের নাম মো. নাঈম (১৮)। তিনি নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে। সম্প্রতি তিনি মঠবাড়িয়া উপজেলার ওই গ্রামে মামাবাড়িতে বেড়াতে আসেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাত নয়টার দিকে শিশুটি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় এক প্রতিবেশীর বাড়িতে (নাঈমের মামাবাড়ি) বেড়াতে আসা তরুণ শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে ঘরের পাশে শৌচাগারে নিয়ে ধর্ষণচেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে শৌচাগার থেকে উদ্ধার করেন। এরপর নাঈম পালিয়ে যান। প্রতিবেশীরা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ রাত ১০টার দিকে স্থানীয় বাজার থেকে নাঈমকে গ্রেপ্তার করে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ জেড এম মাসুদুজ্জামান বলেন, শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তার নাঈমকে আজ বুধবার সকালে আদালতে সোপর্দ করা হবে।