শেরপুরের নালিতাবাড়ী
মডেল মসজিদ নির্মাণে ধীরগতি, ক্ষুদ্ধ মুসল্লিরা
নির্ধারিত সময়ের প্রায় দুই বছর পার হতে চললেও শেষ হয়নি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের তিনতলা ভবনের নির্মাণকাজ।
নির্ধারিত সময়ের প্রায় দুই বছর পার হতে চললেও শেষ হয়নি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের তিনতলা ভবনের নির্মাণকাজ। দেড় বছরের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রায় সাড়ে তিন বছরেও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। উপজেলার বাঘবেড় ইউনিয়নের রানীগাঁও গ্রামে মসজিদটির অবস্থান। নির্মাণকাজে ধীর গতির কারণে ক্ষুব্ধ এলাকাবাসী ও মুসল্লিরা।
গণপূর্ত বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা গণপূর্ত বিভাগ মসজিদের ভবন নির্মাণকাজ বাস্তবায়ন করছে। ২০১৮-১৯ অর্থবছরের নির্মাণকাজের ব্যয় ধরা হয় ১১ কোটি ৮৯ লাখ ৮ হাজার ২৩১ টাকা। ঢাকা মোহাম্মদী হাউজিং সোসাইটি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সাব-ঠিকাদার হিসেবে জামালপুরের মেসার্স ইনায়া কনস্ট্রাকশন লিমিটেড ২০১৯ সালের ২১ এপ্রিল মসজিদের নির্মাণকাজ শুরু করে। ২০২০ সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা ছিল। দুই বছর পার হতে চললেও এখনো প্রায় ৩০ শতাংশ কাজ বাকি।
সরেজমিনে গত শনিবার সাত–আটজন শ্রমিককে মসজিদে দেখা গেছে। দুই শ্রমিক দুই তলার ওপরে কাজ করছিলেন।
মেসার্স ইনায়া কনস্ট্রাকশন লিমিটেডের স্বত্বাধিকারী ইয়াকুব আলী বলেন, তহবিল না থাকায় কাজের কিছুটা বিলম্ব হয়েছে।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, অর্থ বরাদ্দ বন্ধ ছিল। জটিলতা শেষ হয়েছে। এখন দ্রুত কাজ শেষ হবে।