মণে দাম কমল ৫০ টাকা

গত সপ্তাহে এই মোকামে ব্রি-২৯ ধান বিক্রি হয়েছে ১ হাজার ৮০ টাকা মণদরে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরব ধানের মোকামে এক সপ্তাহের ব্যবধানে সব জাতের ধান মণপ্রতি ৫০ টাকা কমেছে। ধানশূন্য ভৈরব মোকামের এই ছবি গতকাল দুপুরে তোলা
প্রথম আলো

ধানের কিশোরগঞ্জের ভৈরব মোকাম। গত সপ্তাহে এই মোকামে ব্রি-২৯ ধান বিক্রি হয়েছে ১ হাজার ৮০ টাকা মণদরে। গতকাল বুধবার দিনব্যাপী ওই ধানের সর্বোচ্চ দর গেছে ১ হাজার ৩০ টাকা।

ব্রি-২৮ ধান বিক্রি হয়েছে ১ হাজার ১১০ টাকায়। গত সপ্তাহে যার দর ছিল ১ হাজার ১৭০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে এই দুই প্রকার ধানের দর কমল মণপ্রতি ৫০ টাকা।

খোঁজ নিয়ে গেছে, শুধু ব্রি-২৮ বা ২৯ নয়, ভৈরব মোকামে সব ধরনের ধানের দর এখন কমতির দিকে। প্রতিদিনই একটু একটু করে দর কমছে। এদিকে ধানের দরপতনের প্রভাব পড়ছে চালের বাজারেও। সব ধরনের চাল বস্তাপ্রতি (৫০ কেজি) গড়ে ৫০ টাকা কমেছে। তবে দর কমার সঙ্গে সঙ্গে ভৈরব মোকামে হাওর থেকে নৌপথে আসা ধানের আমদানিও কমেছে। কৃষকেরা এখন ধান হাতছাড়া না করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

গতকাল দুপুরে ভৈরবে গিয়ে দেখা যায়, মোকামে ধানের মজুত নেই। স্থানীয় কৃষকদের উৎপাদিত কিছু ধান মোকামে কেনাবেচা হয়। তবে হাওর থেকে গতকাল একটি ধানের নৌকাও নোঙর করেনি।

কয়েকজন ব্যবসায়ী বলেন, ধানের দর কমার শুরুর সঙ্গে পাল্লা দিয়ে আমদানি ভাটার সুনির্দিষ্ট কারণ জানা নেই। তবে ধারণা করা হচ্ছে, হাওরে ব্রি-২৮ ও ব্রি-২৯ ধানের মজুত প্রায় শেষ পর্যায়ে। এখন যা অবশিষ্ট আছে, ভালো দামের আশায় কৃষকেরা গোলাবন্দী করে রাখছেন। এ কারণে মোকাম অনেকটা ধানশূন্য হয়ে পড়েছে। মোকামের বেশির ভাগ ধান এখন স্থানীয় কৃষকদের উৎপাদিত। হাওর থেকে ধানের আমদানি না বাড়লে এই মোকামে আবার দর বাড়ার সম্ভাবনা রয়েছে।

শেফায়েত উল্লাহ এন্টারপ্রাইজ ভৈরব মোকামে ধানের বড় আড়তের একটি। ওই প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি মোর্শেদ মিয়া জানালেন, চালের বাজার নিয়ন্ত্রণে সরকার মাঠপর্যায়ে কঠিন ও কঠোর ভূমিকায়। ফলে মজুত করা চাল এখন বাজারে ছড়িয়ে পড়েছে। এ কারণে ধানের ওপর চাপ কম। ফলে আমদানি কম থাকলেও বাজার পড়ছে।

শাহজালাল ট্রেডার্স ভৈরবের প্রতিষ্ঠিত চাল ব্যবসায়ী প্রতিষ্ঠানের একটি। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবু সুফিয়ান ধান ব্যবসায়ী মোর্শেদ মিয়ার বক্তব্যের সঙ্গে একমত। তিনি জানালেন, তাঁর ধারণা, চালের দর কিছুটা কমার পেছনে ধানের আমদানি কমবেশি সম্পর্কিত নয়। এই কমতি মূলত মজুত পরিস্থিতির ওপর সরকারের সূক্ষ্ম দৃষ্টির কারণে।

কয়েকজন ব্যবসায়ী আরও জানান, হাওরের কৃষি বৈশিষ্ট্য হলো এক ফসলি। সেটি বোরো ধাননির্ভর। বোরো কাটার সময় বৈশাখ মাস। হাওর অধ্যুষিত জনপদের যোগাযোগের প্রধান মাধ্যম নৌপথ। ভৈরব মোকাম মূলত হাওরে উৎপাদিত ধাননির্ভর। বিস্তৃত ও সমৃদ্ধ নদীপথ ঘিরে স্বাধীনতা-পূর্ব সময় থেকে এই মোকামের উত্থান।

ভৈরব মোকামে কিশোরগঞ্জের অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন; নেত্রকোনার খালিয়াজুরি; হবিগঞ্জের দিরাই, লাখাই, আজমিরীগঞ্জ; সুনামগঞ্জ ও সিলেটের কিছু অংশের ধান আসে। এই মোকাম থেকে ধান যায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, লালমনিরহাট, চাঁদপুর, মুন্সিগঞ্জ ও কুমিল্লার ব্যবসায়ী ও মিলারের কাছে। এবার চিটা আর শিলাবৃষ্টির কারণে কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জের হাওরে ব্রি-২৮ জাতের ধানের ব্যাপক ফসলহানি হয়েছে। তবে ব্রি-২৯ ধানের ফলন ছিল প্রত্যাশিত।

ভৈরব মোকামে ধান আমদানি না হওয়ার কারণ জানতে গতকাল হাওরের একাধিক কৃষকদের সঙ্গে কথা হয়। তাঁদের ভাষ্য, প্রথম কথা হলো কৃষকেরা ধানের মালিক, চালের নয়। তাঁদের ধান হাতছাড়া হয়ে সেটি যায় মিলার বা ব্যবসায়ীদের কাছে। একপর্যায়ে মিলাররা চালের মালিক হন। বিশ্ব পরিস্থিতির কারণে এবার চালের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। বাড়ার গতি দ্রুত। চালের দামের বিপরীতে ধানের দর ততটা বাড়েনি। যতটুকু বেড়েছে, তা-ও ধীরে ধীরে। আবার এখন ধানের দর দ্রুত কমছে। কিন্তু চালের দর কমার গতি ধীর। বর্তমান বাজার পরিস্থিতিতে ধান নিয়ে সুবিধা করতে পারছেন না কৃষকেরা। খুব অল্প সময়ের ব্যবধানে ধানের বাজারে সুবাতাস বইবে, এমন ধারণায় কৃষকেরা এখন ধান গোলাবন্দী করে রাখতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

অষ্টগ্রামের ভাতশালা হাওরের কৃষক তমিজ উদ্দিন। ধান-চালের বাজার পরিস্থিতি নিয়ে তাঁর বক্তব্য হলো, বিক্রির জন্য ভৈরব মোকামে পাঠাতে তিনি ৫০০ মণ ধান প্রস্তুত করে রেখেছিলেন। এর মধ্যে দর পড়তে শুরু করেছে। এই অবস্থায় তিনি ধান হাতছাড়া না করে গোলায় উঠিয়ে রাখাকে নিরাপদ মনে করছেন।