সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ‘কুমিল্লার পূজামণ্ডপ, মন্দিরে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। এ ঘটনায় সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন গ্রেপ্তার–বাণিজ্য না করে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। আমাদের ঘরে আগুন লেগেছে, সবাইকে সতর্ক থাকতে হবে। পূজামণ্ডপে হামলার নেপথ্যের নায়কদেরও গ্রেপ্তার করতে হবে।’
আজ সোমবার বিকেলে কুমিল্লা টাউন হলের মুক্তিযুদ্ধ কর্নারে সুজন কুমিল্লা জেলা শাখা আয়োজিত এক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুজন জেলা কমিটির সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খানের সভাপতিত্বে ওই সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লুটতে এই জঘন্য কাজ করেছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে রাজনৈতিক ঐক্য, সামাজিক ঐক্য দরকার।
এর আগে দুপুরে কুমিল্লা নগরের নানুয়া দিঘির পাড় এলাকার অস্থায়ী পূজামণ্ডপের স্থান ঘুরে দেখেন বদিউল আলম মজুমদার।
এদিকে বেলা ১১টায় কুমিল্লা টাউন হলের একই স্থানে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয়’ শীর্ষক নাগরিক সংলাপ হয়। ‘রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায়, শুদ্ধাচার চর্চার বিকল্প নেই’ স্লোগানে সুজন ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের যৌথ উদ্যোগে এই সংলাপের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে এশিয়া ফাউন্ডেশন।
সংলাপে অংশ নিয়ে বদিউল আলম মজুমদার বলেন, ‘ঔপনিবেশ আমলে যারা দুর্নীতি করত, তারা এ দেশকে শোষণ করে টাকাপয়সা নিয়ে গেছে। এখন যারা দুর্নীতি করে, তারাও বিদেশে টাকা পাচার করে। বাড়ি করে, দেশের টাকা নিয়ে যায়। এ অবস্থায় দুর্বার আন্দোলন করে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে। সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে হবে। তা না হলে আমরা কেউ নিরাপদ নয়।’
বদিউল আলম মজুমদার আরও বলেন, ‘এখন আমাদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।’