মণ্ডপের সাজসজ্জায় ফুটে উঠেছে করোনার সম্মুখযোদ্ধাদের অবদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পূজামণ্ডপ করোনাকালের সম্মুখযোদ্ধাদের সম্মান জানিয়ে সাজানো হয়েছে। মঙ্গলবার সকালে
প্রথম আলো

মণ্ডপের দিকে পা বাড়ানোর সময় চোখে পড়বে অ্যাম্বুলেন্স। ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই) পরে চিকিৎসক, নার্সরা অ্যাম্বুলেন্স থেকে রোগী নামাচ্ছেন। সেবা দিচ্ছেন করোনায় আক্রান্ত রোগীদের। প্যান্ডেলের অপর দিকে আছে পুলিশের গাড়ি। যাঁদের মুখে মাস্ক নেই, তাঁদের পুলিশ মাস্ক পরিয়ে দিচ্ছেন। কেউবা সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছেন। অন্যদিকে গণমাধ্যমকর্মীরা ছুটে চলছেন জনগণকে তথ্য জানাতে।

রংপুর নগরের পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পূজামণ্ডপের প্রবেশপথ এভাবে সাজানো হয়েছে। করোনাকালে সম্মুখযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে এ উদ্যোগ। আয়োজকেরা বলেন, সম্মুখযোদ্ধাদের এসব চিত্র শোলা দিয়ে তৈরি করে ফ্রেম দিয়ে সাঁটানো হয়েছে মাঠের দুই দিকে।

চিত্রশিল্পী উৎপল দে বলেন, ‘দেশে দীর্ঘ সময় ধরে করোনা মহামারি চলছে। এরই মধ্যে শান্তির বার্তা নিয়ে এসেছে মা দুর্গা। তাই এ বছর আমাদের বাড়ির পাশের পূজামণ্ডপে করোনায় সম্মুখযোদ্ধাদের কর্মকাণ্ড নিয়ে কিছু ককশিটের কাজ করেছি।’

আজ মঙ্গলবার দুর্গোৎসবের মহাসপ্তমী। নগরের মণ্ডপে মণ্ডপে বাজছে ঢাক, কাঁসর ঘণ্টা ও শাঁখের ধ্বনি। এ বছর রংপুর জেলায় সেজে উঠেছে ৯৫৬টি পূজামণ্ডপ। এর মধ্যে নগরে ১৫৩টি, সদর উপজেলায় ১০২, বদরগঞ্জে ১৩২, মিঠাপুকুরে ১৪০, গঙ্গাচড়ায় ১০৮, পীরগঞ্জে ৯৭, কাউনিয়ায় ৬৫, তারাগঞ্জে ৬৭, পীরগাছায় ৮৯টি মণ্ডপ রয়েছে।

জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক ধীমান ভট্টাচার্য বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপন সম্পন্ন করতে প্রতিটি মণ্ডপে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। বৈরী আবহাওয়ার কথা চিন্তা করে অনেক মণ্ডপে ছাউনির ব্যবস্থা করা হয়েছে।

জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সার্বিক দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পূজা উদ্‌যাপন পরিষদের জেলা ও মহানগর কমিটির নেতাদের সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদ্‌যাপনের বিষয়টি নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে।