শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রশাসন ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের যৌথ আয়োজনে গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ। প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ-সাতকানিয়া আসনের সাংসদ মো. নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ ইমতিয়াজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী ও সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার। বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি প্রদীপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নেজাম উদ্দিন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রাজীব দাশ ও সাধারণ সম্পাদক কাঞ্চন আচার্য্য প্রমুখ।