মতলব উত্তরে পানিতে ডুবে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল আটটার দিকে উপজেলার ফরাজীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যাংক কর্মকর্তার নাম ইশতিয়াক আকবর খান (২৭)। তিনি বেসরকারি এনআরবিসি ব্যাংকের মতলব দক্ষিণ উপজেলা শাখার শিক্ষানবিশ কর্মকর্তা ছিলেন। তিনি ওই গ্রামের মৃত আবদুল হান্নানের ছেলে।

পরিবার ও সহকর্মী সূত্রে জানা গেছে, ইশতিয়াক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ছয় মাস আগে চাকরিতে যোগ দেন। আজ সকালে তিনি দাঁত মাজতে বাড়ির পাশের পুকুরঘাটে যান। এ সময় হঠাৎ পা পিছলে ইশতিয়াক পুকুরের পানিতে পড়ে যান। পরিবারের লোকজন ও স্থানীয় ব্যক্তিরা অনেক খোঁজাখুঁজি করেন। প্রায় ঘণ্টাখানেক পর ইশতিয়াককে ভেসে উঠতে দেখেন তাঁরা। সেখান থেকে উদ্ধার করে স্বজনেরা তাঁকে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইশতিয়াক সাঁতার জানতেন না বলে জানা গেছে।

ওই ব্যাংকের মতলব দক্ষিণ উপজেলা শাখার ব্যবস্থাপক ফারুক আহম্মেদ বলেন, ইশতিয়াকের অকালমৃত্যুতে সহকর্মীরা শোকাহত।