মতলব উত্তরে নৌকাডুবিতে নিখোঁজ শ্রমিকের খোঁজ মেলেনি ২০ ঘণ্টা পরও

নৌকাডুবি
প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীতে নৌকাডুবির ২০ ঘণ্টা পরও নিখোঁজ ইটভাটার শ্রমিক হযরত আলীর (৩০) সন্ধান মেলেনি।

গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে নন্দলালপুর এলাকার কাছে এই নৌকাডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ও ডুবুরিরা ঘটনাস্থলে যান। আজ শনিবার দুপুর পর্যন্ত কয়েক দফা চেষ্টা করেও তাঁর খোঁজ পাননি তাঁরা। তাঁর স্বজনেরা আহাজারি করছেন।

নন্দলালপুর এলাকার একটি ইটভাটায় শ্রমিক হযরত আলীর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার কাওয়াদী গ্রামে। তিনি ওই গ্রামের মো. সাত্তার ফকিরের ছেলে।

দুই শ্রমিক সাঁতারে তীরে উঠলেও হযরত আলী পানিতে তলিয়ে যান।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে নন্দলালপুর এলাকার একটি ইটভাটা থেকে নৌকায় ইট ভরে ধনাগোদা নদী পার হচ্ছিলেন হযরত আলী ও আরও দুই শ্রমিক। কিছু দূর যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা অপর একটি নৌকার সঙ্গে ওই নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইটসহ নৌকাটি ডুবে যায়। এ সময় প্রাণ বাঁচাতে হযরত আলী ও বাকি দুই শ্রমিক নদীতে ঝাঁপ দেন। কিছুক্ষণের মধ্যে ওই দুই শ্রমিক সাঁতারে তীরে উঠলেও হযরত আলী পানিতে তলিয়ে যান।

ওই দুই শ্রমিক ঘটনাটি স্থানীয় ফায়ার সার্ভিসের লোকজন ও ডুবুরি দলকে জানালে তাঁরা ঘটনাস্থলে যান এবং ওই শ্রমিককে উদ্ধারের চেষ্টা চালান। মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিস বিভাগের স্টেশন প্রধান মো. আসাদুজ্জামান বলেন, তাঁর বিভাগের লোকজন ও চাঁদপুরের ডুবুরি দল ঘটনাস্থলে রয়েছেন। গতকাল রাতের পর আজ বেলা ১টা পর্যন্তও তাঁর খোঁজ পাওয়া যায়নি।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ধনাগোদায় শ্রমিক নিখোঁজের খবরটি জেনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।