মতলব উত্তরের ৯ ইউপির ৬টিতেই হার আ.লীগের
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত রোববার অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৯টি ইউনিয়নের মধ্যে ৬টিতেই আওয়ামী লীগের প্রার্থী স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরেছেন। বাকি তিনটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছেন।
ভুল প্রার্থীকে মনোনয়ন দেওয়া, নৌকার প্রার্থীদের অতি আত্মবিশ্বাস, নেতা-কর্মীদের নিষ্ক্রিয়তা, বিদ্রোহী প্রার্থীর পক্ষে দলীয় কর্মী ও বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নেওয়ায় ওই ছয় ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী হেরেছেন বলে ভোটার ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মত।
উপজেলা নির্বাচন কার্যালয় ও দলীয় সূত্র জানায়, এ উপজেলায় ১৪টি ইউপির মধ্যে ৪টিতে ভোটের আগেই আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। আর সীমানাসংক্রান্ত জটিলতায় একটি ইউপির নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বাকি ৯টি ইউপির মধ্যে কেবল ৩টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী জয় পেয়েছেন। বাকি ছয়টি ইউপিতেই স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন। এর মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এবং একটিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
ভোটে যে তিনজন নৌকার প্রার্থী জয় পেয়েছেন, তাঁরা হলেন ফতেপুর পূর্ব ইউপিতে আজমল হোসেন চৌধুরী, গজরা ইউপিতে মো. শহিদ উল্লাহ এবং ফরাজীকান্দি ইউপিতে রেজাউল করিম। এই তিন ইউপিতেই আওয়ামী লীগের প্রার্থীদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দলটির বিদ্রোহী প্রার্থীরা।
ভোট হওয়া ৯টি ইউপির মধ্যে কেবল ৩টিতে নৌকার প্রার্থী জয় পেয়েছেন। বাকি ছয়টির পাঁচটিতে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এবং একটিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
উপজেলার কলাকান্দা ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী গোলাম কাদেরকে হারিয়ে জয়ী হয়েছেন দলটির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সোবহান সরকার। সুলতানাবাদ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হাবিবা ইসলামকে হারিয়ে জয়ী হয়েছেন দলটির বিদ্রোহী প্রার্থী আবু বকর সিদ্দিক। ষাটনল ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী এ কে এম শরিফ উল্লাহ সরকারকে হারিয়ে জয়ী হয়েছেন দলটির বিদ্রোহী প্রার্থী ফেরদৌস আলম। সাদুল্লাপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী লোকমান আহম্মেদকে হারিয়ে জয়ী হয়েছেন দলটির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জুবাইর আজিম স্বপন পাঠান। বাগানবাড়ি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী নান্নু মিয়াকে হারিয়ে জয়ী হয়েছেন দলটির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল মামুন। এখলাশপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মো. জসিম উদ্দিনকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম।
সাদুল্লাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জুবাইর আজিম স্বপন পাঠান বলেন, এর আগেও তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এলাকায় উন্নয়নমূলক কাজও করেছেন। এরপরও দল তাঁকে মনোনয়ন দেয়নি। এ জন্য বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে জনগণের ভোটে জয়ীও হয়েছেন।
উপজেলার দুটি ইউপির পরাজিত আওয়ামী লীগের প্রার্থীরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁদের দলের নেতা-কর্মী ও বিএনপির কর্মীরা গোপনে দলটির বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় তাঁরা জয়ী হতে পারেননি।
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মু. কবির হোসেন বলেন, ঠিক কী কারণে এতগুলো ইউপিতে তাঁর দলের চেয়ারম্যান প্রার্থীরা হেরেছেন, তা বলতে পারছেন না। বিষয়টি পরে দলীয় সভায় আলোচিত হবে। তবে সঠিক ব্যক্তিকে মনোনয়ন না দেওয়া, দলীয় প্রার্থীর গা-ছাড়া ভাব এবং তাঁর দলের নেতা-কর্মী ও বিএনপির কর্মীরা গোপনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় আওয়ামী লীগ প্রার্থীদের হার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন।